আশাশুনিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধানে অঙ্কুরোদ্গম, পচন ও শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কাটা ধানের কিছু অংশ শুকানোর জন্য মাঠে রাখা হয়েছে। কিন্তু বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেসব ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে।
নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত বৃষ্টি না থামলে মাঠে থাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
তবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বলেন, বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, যেসব কৃষক ধান কেটেছেন, তাদের প্রায় সবাই কাটা ধান বাড়িতে তুলে নিয়েছেন। তিনি জানান, কৃষকদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।












