হিউমেন সোসাইটি অ্যানিভার্সারি ডে: প্রাণীর প্রতি প্রাণের সহমর্মিতা
সাকিবুর রহমান বাবলা
প্রাণী পৃথিবীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। মানুষের মতো তারাও ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, ভয় ও অস্বস্তি অনুভব করে। অথচ মানুষের অজ্ঞতা, অবহেলা, নিষ্ঠুরতা ও অতিরিক্ত মুনাফার লোভে গৃহপালিত, খামারের ও বন্যপ্রাণী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ, তাদের কল্যাণ নিশ্চিত ও মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছর ২২ নভেম্বর পালিত হয় হিউমেন সোসাইটি অ্যানিভার্সারি ডে। দিনটি প্রাণিকল্যাণে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটির প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করিয়ে দেয়।
১৯৫৪ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে প্রাণী সুরক্ষার বৃহত্তর উদ্যোগ হিসেবে ন্যাশনাল হিউমেন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় হিউমেন সোসাইটি অব দ্য ইউনাইটেড স্টেটস। পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল। সাত দশকের বেশি সময় ধরে প্রাণিকল্যাণে কাজ করা প্রতিষ্ঠান দুটি ২০২৫ সালে একীভূত হয়ে হিউমেন ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস নামে বৈশ্বিক কার্যক্রম শুরু করে। প্রাণীর ওপর নির্যাতন বন্ধ, প্রাণিকল্যাণমূলক আইন প্রণয়নে সহায়তা, গবেষণাগারে প্রাণীর ব্যবহার কমানো এবং দুর্যোগে বিপন্ন প্রাণী উদ্ধার তাদের উল্লেখযোগ্য কার্যক্রম। প্রাণী সুরক্ষায় আইন প্রণয়ন ও নীতিগত পরিবর্তনেও সংস্থাটির ভূমিকা রয়েছে।
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা শুধু শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়। খামারে অতিরিক্ত গাদাগাদি করে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি রাখা, পর্যাপ্ত খাবার ও পানি না দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা না করানো কিংবা অতিরিক্ত শ্রমে বাধ্য করাও নির্যাতনের শামিল। পরিবহনের সময় অমানবিক আচরণ, নিষ্ঠুরভাবে অঙ্গহানি, নিষিদ্ধ ওষুধ প্রয়োগ এবং জবাইয়ের আগে অযথা ভয় ও যন্ত্রণা দেওয়াও প্রাণিকল্যাণের পরিপন্থী। গবেষণাগারে প্রসাধনী ও ওষুধ পরীক্ষায় প্রাণীর কষ্ট কমাতে বিকল্প বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার জরুরি। এসব ঘটনা মানুষের মধ্যে সহানুভূতি, ক্ষোভ ও নৈতিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে। তবে শুধু কষ্ট অনুভব করাই যথেষ্ট নয়, প্রাণীর সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়াই প্রকৃত মানবিকতার পরিচয়।
আন্তর্জাতিক প্রাণিকল্যাণের অন্যতম ভিত্তি হলো ‘পাঁচটি স্বাধীনতা’। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার স্বীকৃত এই নীতিতে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি, অস্বস্তি থেকে মুক্তি, ব্যথা-আঘাত ও রোগ থেকে মুক্তি, স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি প্রাণীর জন্য পর্যাপ্ত খাদ্য ও পানি, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, চলাফেরার সুযোগ এবং নির্ভয় পরিবেশ নিশ্চিত করতে হবে। খামার ব্যবস্থাপনা, পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রেও মানবিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
বিশ্বব্যাপী প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। সিআইটিইএস বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। ইউএনওডিসি ও ইন্টারপোল বন্যপ্রাণী পাচার এবং সংঘবদ্ধ অপরাধ দমনে সহযোগিতা করে। পরিযায়ী প্রাণী সংরক্ষণে সিএমএস, প্রাণিকল্যাণের মানদণ্ড নির্ধারণে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা এবং খামার ব্যবস্থাপনায় খাদ্য ও কৃষি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া ওয়ার্ল্ড অ্যানিমেল প্রোটেকশন, আইইউসিএন, ট্র্যাফিক ও ডব্লিউডব্লিউএফ প্রাণী উদ্ধার, আবাসস্থল সংরক্ষণ, গবেষণা এবং অবৈধ পাচার প্রতিরোধে কাজ করছে। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক নীতিমালা, গবেষণা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে বিভিন্ন দেশকে সহযোগিতা করে।
বাংলাদেশও আন্তর্জাতিক প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের অংশীদার। সিআইটিইএস চুক্তির আওতায় ১৯৮১ সাল থেকে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণে কাজ করছে দেশটি। ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে বন অধিদপ্তর, পুলিশ ও কাস্টমস বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযান পরিচালনা করছে। এসএডব্লিউইএন-এর মাধ্যমে আঞ্চলিক তথ্য বিনিময় এবং আইইউসিএন ও ইউএনডিপির সহযোগিতায় সুন্দরবনের বাঘ, হাতি ও অন্যান্য বিপন্ন প্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। বেওয়ারিশ কুকুর নিধনের পরিবর্তে গণটিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচিও প্রাণিকল্যাণের মানবিক দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিচ্ছে।
দেশে প্রাণী সুরক্ষায় প্রাণিকল্যাণ আইন, ২০১৯; বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬; দণ্ডবিধি, ১৮৬০; চিড়িয়াখানা আইন, ২০২৩; পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং পশুরোগ আইন, ২০০৫সহ বিভিন্ন আইন রয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগ, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে অত্যন্ত জরুরি।
ধর্মীয় শিক্ষাতেও প্রাণীর প্রতি দয়া ও নিষ্ঠুরতা পরিহারের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আনআমে প্রাণীদেরও মানুষের মতো সম্প্রদায় হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর পুরস্কার এবং বিড়ালকে বন্দি রেখে কষ্ট দেওয়ার পরিণতি বর্ণিত হয়েছে। সনাতন ধর্মের অহিংসা নীতি, বৌদ্ধ ধর্মের পঞ্চশীল এবং বাইবেলের হিতোপদেশেও পশুর যত্ন নেওয়ার শিক্ষা রয়েছে। ধর্মীয় ও নৈতিক এই শিক্ষাগুলো প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে।
হিউমেন সোসাইটি অ্যানিভার্সারি ডে কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি মানুষ ও প্রাণীর সহাবস্থান, সহমর্মিতা এবং নৈতিক দায়িত্ব স্মরণ করার দিন। প্রাণী পুষলে তার খাবার, আশ্রয় ও চিকিৎসার দায়িত্ব নিতে হবে; আহত বা অসহায় প্রাণীকে সাধ্যমতো সাহায্য করতে হবে এবং নির্যাতন কিংবা পাচারের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। মনে রাখতে হবে, প্রাণীর প্রতি দয়া দুর্বলতা নয়, বরং উন্নত মানবিক সমাজের পরিচয়। আইন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সমন্বয়ে গড়ে উঠুক এমন এক পৃথিবী, যেখানে প্রতিটি প্রাণী নিরাপদে বাঁচার সুযোগ পাবে।









