দেবহাটায় জমিজমা বিরোধে মারপিট, আহত ১; থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে বৈদ্যনাথ দাশ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। জমি দখলেরও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হলোধর দাশের ছেলে বৈদ্যনাথ দাশের বসন্তপুর মৌজায় ৪০ দশমিক ৫০ শতক রেকর্ডীয় জমি ও ১৮ শতক সরকারি ইজারাকৃত জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন তিনি। জমির পশ্চিম পাশে একটি সরকারি রাস্তা রয়েছে। অভিযোগ, প্রতিপক্ষ ওই রাস্তার ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করছে। পাশাপাশি তাঁর জমির ওপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা ও জমি দখলের হুমকি দিয়ে আসছিল।
এ নিয়ে বৈদ্যনাথ দাশ গত ৬ জুলাই সাতক্ষীরার আদালতে পি-৪০৬/২৬ নম্বরে মামলা করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে সরকারি সার্ভেয়ার সরেজমিনে জমি পরিমাপ করে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দেন।
অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর সকাল ১০টার দিকে নির্ধারিত সীমানা অনুযায়ী বেড়া দেওয়ার জন্য সুতা টানাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। একপর্যায়ে তাঁকে মারধর করে আহত করা হয় এবং তাঁর ভোগদখলীয় জমি দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে আহত বৈদ্যনাথ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় শঙ্কর দাশ (৫০), দিপঙ্কর দাশ (৪৬), শ্রাবন্তী দাশ (৪২), মিতা রানী দাশ (৩৬), দীপ দাশ (২০) ও তীর্থ দাশ (১৯) নামে ছয়জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে। বৈদ্যনাথ দাশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।












