রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিশেষ নজর ৭৪ ফুটবলারের দিকে: যারা তালিকায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
আর্জেন্টিনার বিশেষ নজর ৭৪ ফুটবলারের দিকে: যারা তালিকায়

শুধু সিনিয়র দলের নিয়মিত ফুটবলারদের ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বয়সভিত্তিক দলগুলোর প্রতিভাবান খেলোয়াড়দেরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোচিং স্টাফ। লিওনেল স্কালোনির সহকারী কোচ মাতিয়াস মান্নার প্রকাশ করা একটি তালিকায় উঠে এসেছে এমন ৭৪ ফুটবলারের নাম, যারা রয়েছেন আলবিসেলেস্তেদের কোচিং স্টাফের নজরদারিতে। খবর টিওয়াইসি স্পোর্টসের।
ভিডিও বিশ্লেষক ও কৌশলগত সহকারী মাতিয়াস মান্না নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার এজেইজা অনুশীলন কমপ্লেক্সের সাম্প্রতিক অনুশীলনের কিছু ছবি প্রকাশ করেন। সেখানেই দেখা যায় খেলোয়াড়দের একটি তালিকা বা মানচিত্র। এতে সিনিয়র জাতীয় দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭; এই তিন স্তরে মোট ৭৪ জন ফুটবলারকে ভাগ করে রাখা হয়েছে।

তালিকা অনুযায়ী, সিনিয়র দলে রয়েছেন ২৮ জন। অনূর্ধ্ব-২০ দলে ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে আছেন ২২ ফুটবলার। খেলোয়াড়দের গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড; এই চার পজিশনেও ভাগ করা হয়েছে।

সিনিয়র দলে চার গোলরক্ষক, নয় ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও আট ফরোয়ার্ড রয়েছেন। অনূর্ধ্ব-২০ দলে চার গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড। অন্যদিকে অনূর্ধ্ব-১৭ দলে রয়েছেন তিন গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড।

সিনিয়র দলের গোলরক্ষক হিসেবে নজরদারিতে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালার্দি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন গিয়াই ও গনসালো মন্তিয়েল।

মিডফিল্ডে রয়েছেন মাসিমো পেরোনে, এজেকিয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ।

আক্রমণভাগে নজরদারিতে আছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভানি সিমিওনে।

এই বয়সভিত্তিক দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস।

ডিফেন্ডারদের তালিকায় আছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরাইয়াগো, মাতেও মার্তিনেজ, ইগ্নাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন।

মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিজো, হেরোনিমো গোমেজ মাত্তার, ফ্রাঙ্কো পেরেজ, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান।

আর আক্রমণভাগে আছেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা, ফ্রাঙ্কো দমিঙ্গেজ, ইয়ান সুবিয়াব্রে ও অ্যালেক্স ভেরন।

অনূর্ধ্ব-১৭ দলের তিন গোলরক্ষক হলেন ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পার্গা ও কেভিন বায়েজ।

রক্ষণভাগে রয়েছেন বাউতিস্তা রোলদান, সিমন এসকোবার, অ্যালেক্স কারদোসো, বাউতিস্তা হিমেনেজ, মাতেও মেন্দিসাবাল, আলভারো গুইচ, হুলিও কোরিয়া ও থিয়াগো পেরেজ।

মিডফিল্ডে আছেন মাতেও সানচেজ, আলান আলকারাজ, জিওভান্নি বারোনি, মার্কোস অর্তিজ, বেনহামিন ভায়েহো, মাতেও মাচুকা ও গালো এসকোবার।

আক্রমণভাগে রয়েছেন হুয়ান ক্রুস পলিসেলা, এমিলিয়ানো বারিওনুয়েভো, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া। প্রকাশিত তালিকার উল্লেখযোগ্য দিক হলো, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে না থাকা বেশ কয়েকজন তারকাও রয়েছেন কোচিং স্টাফের পর্যবেক্ষণে। চোটের কারণে সর্বশেষ বিরতিতে খেলতে পারেননি ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। এ ছাড়া সর্বশেষ দলে ডাক না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর নামও রয়েছে তালিকায়।

Ads small one

৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ দেওয়া চুক্তিতে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্য দেশগুলো রাজি না হওয়ায় ব্যর্থ হয়েছে কপ৩১ জলবায়ু আলোচনা। রবিবার (২২ নভেম্বর) তুরস্কের শহর আন্তালিয়ায় সম্মেলন শেষ হয়েছে বিশৃঙ্খলার মধ্য দিয়ে। সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির ৪৪ ঘণ্টা পর একাধিক দেশ প্রধান চুক্তি প্রত্যাখ্যান করে।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম এবং বিশ্বকে অস্থির করে তোলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আলোচনা হয়েছে। সৌদি আরবের মতো দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখের তীব্র বিরোধিতা করেছে।

ইইউর ঘূর্ণায়মান সভাপতিত্ব থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ড্যারাহ ও’ব্রায়েন বলেন, আমরা এমন কোনও কিছু সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই।

প্রত্যাশা আগে থেকেই কম থাকায় আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়া একটি সামগ্রিক প্রস্তাব করেছিল। এতে দেশগুলোর মধ্যে ঐকমত্যের ক্ষেত্রগুলো এবং বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ভবিষ্যৎ দিক তুলে ধরার কথা ছিল। কিন্তু চূড়ান্ত প্রস্তাবে কয়লা, তেল বা গ্যাসের স্পষ্ট উল্লেখ ছিল না। এতে সম্মেলনে অস্থিরতা তৈরি হয় এবং এটি জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়ে। মার্শাল আইল্যান্ডসের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

কপ৩১ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, চুক্তিতে ঐকমত্য হয়নি। সমাপনী অধিবেশনে তিনি বলেন, আমি বুঝতে পারছি, এই প্রস্তাবে কোনও সমঝোতা নেই। সে কারণে এসব সিদ্ধান্ত গৃহীত হয়নি।

চুক্তির সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের একটি বৈশ্বিক সমঝোতার পরোক্ষ উল্লেখ ছিল, যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল, তবে কয়লা, তেল ও গ্যাসের নাম স্পষ্টভাবে বলা হয়নি। খসড়ায় কার্বন ক্যাপচার প্রযুক্তি সম্প্রসারণের প্রস্তাবও ছিল, যা জীবাশ্ম জ্বালানি শিল্প সমর্থন করে। পরিবেশবাদী গোষ্ঠীগুলোর সমালোচনা, এটি ব্যয়বহুল এবং নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে অকার্যকর।

আরব গোষ্ঠীর পক্ষে সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব এই অবস্থানের পক্ষে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব সম্ভাব্য সমাধানে দেশগুলোর প্রবেশাধিকার থাকা দরকার এবং নিজ নিজ জাতীয় পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত।

সূত্র: উইয়ন নিউজ

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলেও ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। শতাব্দীপ্রাচীন এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি উপকূলীয় সংস্কৃতি ও মানুষের অদম্য ভক্তির এক অনন্য নিদর্শন। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এই বিশাল জনসমাগম নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

প্রতিবছরের মতো এবারও ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরের আলোরকোলে সমবেত হচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ, রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া বাধ্যতামূলক করা এবং বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তবে কেবল প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পুণ্যার্থী এবং নৌযান চালকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং কেবল দিনের ভাটায় নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে। সামান্য অসাবধানতা বা অতি-উৎসাহ যেন কোনো বড় দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাজুক প্রতিবেশব্যবস্থা রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সুন্দরবনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। এবারও বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, আতশবাজি ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। পুণ্যার্থীদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই পরিবেশবান্ধব নীতিমালাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, যাতে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।

আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পুণ্যার্থীদের সচেতনতা ও সহযোগিতায় বৈরী আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধবভাবে সম্পন্ন হবে।