সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আটক কবির হোসেন তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি কলেজের পাশ থেকে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।









