মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি কয়ার বিল বটতলা মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি এ এইচ এম কামরুজ্জামান। সঞ্চালনা করেন মো. আল-আমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা বোর্ডের পরিচালক ইনতাজ গাজী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ও ফখরুল ইসলাম বকুল।
সম্মেলনে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, আরবি কথোপকথন, ইংরেজিতে আত্মপরিচয়, হাদিস পাঠ ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ads small one

সুন্দরবন রক্ষায় শ্যামনগরে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সুন্দরবন রক্ষায় শ্যামনগরে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা

সংবাদদাতা: সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনা প্রতিরোধ এবং জলজ প্রাণবৈচিত্র্য ও বননির্ভর মানুষের জীবিকা রক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে ‘বিষ দিয়ে মাছ ধরব না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেব না, বিষ দেওয়া মাছ কিনব না’Ñএই তিন অঙ্গীকার বাস্তবায়নে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় কলবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলবাড়ী বাজার মৎস্য আড়ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বিষ প্রয়োগে মাছ ধরার ক্ষতিকর দিক তুলে ধরে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। সঞ্চালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।

পথসভায় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. ফরহাদ হোসেন মুন্না, গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, মো. আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মো. রহমত আলী, মো. রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ ও জুবায়ের আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের প্রাণ, অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে মাছের পোনা, চিংড়ি, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে পানির পরিবেশ, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষযুক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলে ও তাঁদের পরিবার।
পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ প্রয়োগে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিষযুক্ত মাছ শনাক্ত করে বাজারে প্রবেশ ঠেকানো, এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা কলবাড়ী বাজার মৎস্য আড়তকে বিষমুক্ত মাছের নিরাপদ ও পরিবেশবান্ধব বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলে, ব্যবসায়ী, আড়তদার, বনজীবী, বন বিভাগ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। আয়োজকরা সুন্দরবন রক্ষায় তিনটি ‘না’-এর অঙ্গীকারকে ব্যক্তিগত সচেতনতা থেকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে সিরিও, বারসিক, কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংহতি প্রকাশ করে।

গরু দেওয়ার প্রলোভনে টাকা ও এনআইডি সংগ্রহ, প্রতারণার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
গরু দেওয়ার প্রলোভনে টাকা ও এনআইডি সংগ্রহ, প্রতারণার অভিযোগ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তর থেকে গরু দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গরু ও প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে মাছখোলা এলাকার হোসনে আরা বেগম নামে এক নারী কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গরু দেওয়ার কথা বলে কারও কাছ থেকে এক হাজার, আবার কারও কাছ থেকে ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়া হয়েছে। দু-একজনের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এলাকার সবিতা নামের এক নারী জানান, তাঁকে গরু দেওয়ার কথা বলে ঋণের কাগজপত্র তৈরি করার কথা বলা হয়। এ জন্য তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হলেও কোনো কাগজপত্র দেওয়া হয়নি। আহাদ আলীর স্ত্রীও একইভাবে ১ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে হোসনে আরা বেগম প্রথমে অস্বীকার করলেও পরে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, এসব টাকা প্রকাশ ও ইদ্রিস নামে দুই ব্যক্তির কাছে দিয়েছেন। তবে প্রকাশ মুঠোফোনে জানান, তিনি খুলনায় আছেন এবং নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।
এদিকে মাছখোলা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়ের এ ধরনের কোনো দায়িত্ব দেওয়ার কথা অস্বীকার করে বলেন, সরকার গরু দিচ্ছেÑএমন কোনো তথ্য তাঁর জানা নেই।
সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অধিদপ্তর থেকে গরু বা ছাগল বিতরণ করা হয় না। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে আগেও অভিযোগ পাওয়া গেছে এবং কয়েকজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, এনআইডি ও গোয়ালের তথ্য সংগ্রহ করে তাঁদের নামে ঋণ নেওয়ার চেষ্টাও করা হচ্ছে। এতে ভবিষ্যতে তাঁরা আর্থিক দায়ে পড়ার আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার তদন্ত ও প্রতিকার দাবি করেছেন তাঁরা।

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

সংবাদদাতা: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন আয়োজিত এ কর্মসূচিতে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ আর্থিক সহযোগিতা প্রদান করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষিচর্চা সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১০ ধরনের লবণসহিষ্ণু সবজির বীজ, ৪০ কেজি জৈব সার, জিও ব্যাগ ও একটি পানির পাত্র দেওয়া হয়।

বিতরণ করা বীজের মধ্যে ছিল লালশাক, পালংশাক, শিম, মুলা, ঢেঁড়স, লাউ, কলমিশাক, মরিচ, বরবটি ও করলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, লাল তীর বীজ কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিআই জৈব সার বিভাগের টেরিটোরি ম্যানেজার মো. জাকির হোসেন ও কমিউনিটি ফ্যাসিলিটেটররা।

প্রধান অতিথি জিএম মাছুদুল আলম বলেন, প্রশিক্ষণের পাশাপাশি কৃষি উপকরণ বিতরণের এ উদ্যোগ কৃষকদের কাজে লাগাতে হবে। গাবুরায় একসঙ্গে এত কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ বিরল উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন বলেন, গাবুরায় লবণাক্ততা বেশি হওয়ায় জলবায়ু অভিযোজন কৃষিচর্চা বাড়ানো জরুরি। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অভিযোজন কৃষি সম্প্রসারণে ভূমিকা রাখবে।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন কলাকৌশল গ্রহণ করতে হবে। মাটির লবণাক্ততা মোকাবিলায় জৈব সার ও লবণসহিষ্ণু বীজের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে উপকূলীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়ন ঘটবে।