বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় অ্যাডভোকেসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
দুর্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় অ্যাডভোকেসি সভা

শ্যামনগর প্রতিনিধি: দুর্যোগকালীন সময়ে জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ করে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তা এবং বিশেষ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস), এসসিভিএল প্রকল্প, কিন্ডারনটহিলফে (কেএনএইচ) ও বিএমজেড সভায় সহযোগিতা করে।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম পল্টুসহ সিপিপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরামের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় শ্যামনগর উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্য তাবাসসুম তাহরিমা ও মিম দুর্যোগকালীন সময়ে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করে। এতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতির কারণে উপকূলীয় অঞ্চলের শিশুদের নিরাপত্তাঝুঁকি তুলে ধরা হয়।

পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পৃথক শৌচাগার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য সহজে প্রবেশযোগ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Ads small one

বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মধ্যে দেশসেরা দ্বিতীয় নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মধ্যে দেশসেরা দ্বিতীয় নির্বাচিত

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): জাতীয় পর্যায়ে ডিজিটাল সেন্টারের গোল্ড ক্যাটাগরিতে দেশসেরা দ্বিতীয় উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. এনামুল হক।

ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক, নাগরিকবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই সেবাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে দেশের ৬৪ জেলার নির্বাচিত ১০০টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সেবার মান, দক্ষতা ও আর্থিক স্থায়িত্ব যাচাই করা হয়। বেজলাইন অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ, সাক্ষাৎকার, সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপ শেষে ১৮ জন বিজয়ী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের জাতীয় স্বীকৃতি তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতে উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে।

সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয়। প্রাণে বাঁচতে তিনি ঘেরে আশ্রয় নেন। একই দিন মব সৃষ্টি করে একটি সভা থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন-এর শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজ-এর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া মোহনা টিভির যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকেও মব সৃষ্টি করে কেশবপুরের গ্রামের বাড়ি থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা এবং স্থানীয় অনিয়ম-অসংগতি তুলে ধরা। কিন্তু এ কাজ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

তারা রাজনৈতিক পরিচয়ের ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্যামনগরের তিন সাংবাদিকের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুলসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা।

ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া স্লুইস গেটের দুই পাশে ফাটল দেখা দিয়েছে। এতে নদীর নোনা পানি লোকালয়ে প্রবেশ এবং আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইস গেটের দুই পাশ দিয়ে পানি ঢুকছে। দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে যেকোনো সময় গেটটি ভেঙে বিস্তীর্ণ এলাকা নোনা পানিতে প্লাবিত হতে পারে। এতে বসতবাড়ি, ফসলি জমি এবং মৎস্য ও কাঁকড়া চাষের প্রকল্প ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, দ্রুত স্লুইস গেটটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় নোনা পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি উদ্যোগে শিগগিরই ভামিয়া স্লুইস গেটটি অপসারণ করা হবে।