চোরাই গাড়ি উদ্ধার নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে যুবদলের সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি: চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবু জাহিদ সোহাগ দাবি করেন, চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় তার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি একটি চোরাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে তার মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। অথচ পুলিশের জব্দ তালিকায় বাউসুলি গ্রামের খোকন সরদারের বাড়ির পাশের খালি জায়গা থেকে গাড়িটি উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। গাড়ি চুরির ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করে গাড়ি উদ্ধার ও সংশ্লিষ্ট একজনকে আটক করেছে বলেও তিনি জানান।
আবু জাহিদ সোহাগ আরও দাবি করেন, গাড়ি উদ্ধারে আসা পুলিশকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। এ বিষয়ে তার বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ছোট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান ও সাদিক আনোয়ার ছোট বক্তব্য দেন। তাঁরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।






