বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার মিষ্টি উপহার কেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ভালোবাসার মিষ্টি উপহার কেক

প্রকাশ ঘোষ বিধান

প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্বজুড়ে কেক দিবস উদ্‌যাপন করা হয়। আনন্দ, সৃজনশীলতা ও ভালোবাসা ভাগ করে নেওয়ার এই দিনটি কেকপ্রেমীদের কাছে বিশেষ উপলক্ষ। কেক শুধু সুস্বাদু খাবার নয়, এটি উৎসব, আবেগ ও সম্পর্কেরও প্রতীক।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। মিসর ও গ্রিসে মধু, বাদাম, দুধ ও ডিম দিয়ে মিষ্টি রুটি তৈরি হতো, যা আধুনিক কেকের আদি রূপ বলে ধারণা করা হয়। প্রাচীন কেক ছিল ভারী ও সমতল। পরে রোমানদের হাত ধরে কেকের স্বাদ ও গঠনে পরিবর্তন আসে। ইউরোপে ময়দা, চিনি, মাখন ও ওভেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কেক হয়ে ওঠে নরম, সুস্বাদু ও আকর্ষণীয়। উনিশ শতকে জন্মদিনের কেক ও মোমবাতির প্রচলন জনপ্রিয়তা পায়, যা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সময়ের সঙ্গে কেক তৈরিতে এসেছে নানা বৈচিত্র্য। চকোলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, চিজকেক ও ফ্রুট কেক—স্বাদ ও সাজসজ্জায় প্রতিটি কেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। চকোলেট কেকের সমৃদ্ধ স্বাদ, ভ্যানিলা কেকের মিষ্টি সুবাস, ব্ল্যাক ফরেস্টের চেরি ও ক্রিমের সমন্বয় কিংবা রেড ভেলভেটের আকর্ষণীয় রং—সবই কেকপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, চাকরিতে পদোন্নতি কিংবা যেকোনো সাফল্য উদ্‌যাপনে কেক এখন অপরিহার্য অনুষঙ্গ। কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা, আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি সুন্দর রীতি গড়ে উঠেছে। জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশও অনেকের কাছে আনন্দের ঐতিহ্য।

বিকেলের চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে তৈরি কেক মুহূর্তকে করে তোলে আরও সুন্দর। বিশ্ব কেক দিবস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দও উদ্‌যাপন করা প্রয়োজন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পছন্দের কেক ভাগ করে নেওয়ার মধ্যেই এই দিনের আনন্দ ও সার্থকতা নিহিত।

এক টুকরো কেক কখনো কখনো হয়ে উঠতে পারে ভালোবাসার মিষ্টি উপহার, আন্তরিকতার প্রকাশ এবং সম্পর্কের উষ্ণতা বাড়ানোর ছোট্ট উপলক্ষ।

Ads small one

প্রতিবন্ধী আসাদুলকে ব্যাটারিচালিত ভ্যান দিল ইউনাইট ফাউন্ডেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
প্রতিবন্ধী আসাদুলকে ব্যাটারিচালিত ভ্যান দিল ইউনাইট ফাউন্ডেশন

সংবাদদাতা: সাতক্ষীরার বিনেরপোতায় প্রতিবন্ধী আসাদুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়েছে ইউনাইট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাঁর হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়। দাননির্ভরতার পরিবর্তে কর্মসংস্থানের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বিন রফিকুল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল-মামুন সম্রাট ও সাঈদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কর্মসংস্থানের উপকরণ দিয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

সংবাদদাতা: সন্ত্রাস, নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

সমাবেশে শহিদুল ইসলাম মুকুল বলেন, ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের পর মানুষ আইনের শাসন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ এবং অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি জানান, ডিসেম্বরজুড়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও অধ্যাপক গাজী সৈয়দ আলী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও তুফান মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় শহিদুল ইসলাম মুকুল আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ এবং দুপুর ২টায় জনসমাবেশ আয়োজনের ঘোষণা দেন। এতে জামায়াতের আমির উপস্থিত থাকবেন বলে তিনি জানান। তিনি এসব কর্মসূচিতে অংশ নিতে সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানান।

বাল্যবিবাহ বন্ধে আইন নয়, কার্যকর উদ্যোগ জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
বাল্যবিবাহ বন্ধে আইন নয়, কার্যকর উদ্যোগ জরুরি

সাকিবুর রহমান বাবলা

২০২৬ সালের ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৮০/৩০৯ নম্বর প্রস্তাব গ্রহণ করে ২৭ নভেম্বরকে ‘বাল্যবিবাহ, অল্প বয়সে ও জোরপূর্বক বিবাহের অবসানে আন্তর্জাতিক দিবস’ ঘোষণা করে। দিবসটির লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক অঙ্গীকার ও জবাবদিহি জোরদার এবং উত্তম অভিজ্ঞতা বিনিময়। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ মানবাধিকার লঙ্ঘন। এসব বিবাহ নারী ও মেয়েশিশুর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ এবং স্বাধীনভাবে জীবন বেছে নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করে। অনানুষ্ঠানিক ও নিবন্ধনহীন বিবাহও প্রতিরোধের আওতায় আনা জরুরি।

বিশ্বে প্রতিবছর প্রায় ১ কোটি ২০ লাখ মেয়েশিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়। ২০২৬ সাল পর্যন্ত জীবিত প্রায় ৬৫ কোটি নারী ও মেয়েশিশুর শৈশবে বিয়ের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিবাহের শিকার, যাঁদের দুই-তৃতীয়াংশের বেশি নারী ও মেয়ে। এসব বিবাহ শিক্ষা ও অর্থনৈতিক সম্ভাবনা সংকুচিত করে, স্বাস্থ্যঝুঁকি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫-এর ৫.৩ নম্বর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহসহ ক্ষতিকর প্রথা নির্মূলের অঙ্গীকার রয়েছে। কিন্তু বর্তমান গতিতে বাল্যবিবাহ বন্ধ করতে প্রায় ৩০০ বছর লাগতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। তাই সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিবাহিত মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং পুনরায় শিক্ষায় ফেরার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বিবাহের ন্যূনতম বয়স নির্ধারণের ইতিহাস প্রাচীন। রোমান আইনে মেয়েদের ১২ ও ছেলেদের ১৪ বছর বয়সকে বিবাহের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো। আধুনিক যুগে ব্রিটিশ ভারতের ১৮৭২ সালের নেটিভ ম্যারেজ অ্যাক্ট এবং ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন বা সারদা আইন উল্লেখযোগ্য। ২৮ সেপ্টেম্বর পাস হওয়া আইনটি ১৯৩০ সালের ১ এপ্রিল কার্যকর হয়। এতে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৪ ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছিল। একই বছর যুক্তরাজ্যে বিবাহের ন্যূনতম বয়স ১৬ বছর করা হয়। সুইডেন, নরওয়ে ও ডেনমার্কে শিক্ষা, নারীর স্বনির্ভরতা এবং কঠোর নিবন্ধনব্যবস্থা বাল্যবিবাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশে ১৯২৯ সালের আইন কার্যকর ছিল। ১৯৮৪ সালের অধ্যাদেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ ও ছেলেদের ২১ বছর করা হয়। পরে পুরোনো আইন রহিত করে প্রণয়ন করা হয় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭। আগের আইনে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানার বিধান থাকলেও নতুন আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাসনদ ও পাসপোর্ট বয়স প্রমাণের দলিল হিসেবে বিবেচিত। এ ছাড়া স্থানীয় প্রতিরোধ কমিটি গঠন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। ২০১৪ সালের লন্ডন গার্ল সামিটে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার করে। তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি ও অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিধানের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই এর সংস্কার প্রয়োজন।

বিশ্বে বাল্যবিবাহের হার নাইজারে প্রায় ৭৬ শতাংশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও চাদে ৬১ থেকে ৬৮ শতাংশ, মালিতে ৫৪ থেকে ৫৫ শতাংশ এবং দক্ষিণ সুদান ও বুরকিনা ফাসোতে প্রায় ৫২ শতাংশ। বাংলাদেশও বাল্যবিবাহের উচ্চহারের দেশ। মোট সংখ্যার হিসাবে ভারত প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয়। বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা, বিনামূল্যে বই ও সাইকেল বিতরণ, নিরাপদ যাতায়াত এবং নেপাল ও ইথিওপিয়ায় ধর্মীয় ও স্থানীয় নেতাদের সম্পৃক্ততার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। সিয়েরা লিওন ও বলিভিয়ার আইন সংস্কারের উদ্যোগও উল্লেখযোগ্য। অন্যদিকে শিক্ষা, শিল্পায়ন, নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও কঠোর আইনগত ব্যবস্থার ফলে সুইডেন, নরওয়ে ও ডেনমার্কসহ নর্ডিক দেশগুলোতে বাল্যবিবাহ কার্যত বিলুপ্ত হয়েছে। সেখানে ১৮ বছরের নিচে বিবাহের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগও নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথভাবে পরিচালিত সর্বশেষ ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’ (প্রকাশ: জুন ২০২৬) অনুযায়ী, জাতীয় পর্যায়ে বাল্যবিবাহের হার ৪৭.২ শতাংশ এবং সাতক্ষীরা জেলায় ৬২.৩ শতাংশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, কুসংস্কার, পারিবারিক বিচ্ছেদ ও আইন প্রয়োগের দুর্বলতা উপকূলীয় এলাকায় বাল্যবিবাহের ঝুঁকি বাড়ায়।

আমি ২০১৩ সাল থেকে সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছি। আমার উদ্যোগে প্রায় আড়াই হাজার বাল্যবিবাহ প্রতিরোধের তথ্য রয়েছে। গত নয় মাসে ৭০টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে অন্তত ৭০০ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পেয়েছি। তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ে ১৩ জন, সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় ১৬ জন এবং আশাশুনির গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসায় ৩২ ছাত্রীর বিয়ের তথ্য ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর নবম ও দশম শ্রেণির ৪৪ জন মেয়েশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব তথ্য আমাদের সামনে ভয়াবহ বাস্তবতা তুলে ধরে।

বাল্যবিবাহ প্রতিরোধে জেলায় ৭৭টি ইউনিয়ন, তিনটি পৌরসভা ও সাতটি উপজেলায় ১ হাজার ৮০০-এর বেশি কমিটি-সদস্য থাকলেও কার্যক্রমে তেমন গতি নেই। ভোট হারানোর ভয়, তথ্যদাতার নিরাপত্তাহীনতা, জনবল সংকট, দ্রুত ভ্রাম্যমাণ আদালত না পৌঁছানো এবং শুধু মুচলেকা নিয়ে দায় শেষ করার প্রবণতা প্রতিরোধ কার্যক্রমকে দুর্বল করে দিচ্ছে। বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ২০১৫ সালে ইউনিসেফের মনোনয়নে বাল্যবিবাহ প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার কালীগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সম্মাননার জন্য মনোনীত হয়েছিলেন। এ ধরনের উদ্যোগ ও স্বীকৃতি প্রতিরোধ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাতে পারে।

বাল্যবিবাহের অবসান মানে শুধু একটি সামাজিক প্রথা বন্ধ করা নয়; বরং মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা। ১০৯, ৩৩৩, ১০৯৮ ও ৯৯৯ হেল্পলাইন, উপবৃত্তি, কিশোর-কিশোরী ক্লাব, শক্তিশালী আইন এবং স্থানীয় উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। মেয়েদের অধিকারভোগী, নেতৃত্বদানকারী ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে লিঙ্গবৈষম্য ও দারিদ্র্যের কাঠামোগত কারণ দূর করা জরুরি।

দিবসটির সার্থকতা আনুষ্ঠানিক আয়োজন কিংবা বক্তৃতায় নয়, বাস্তব পদক্ষেপে। বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে, কমিটি আছে, হেল্পলাইন আছে—কিন্তু সেগুলো কতটা কার্যকর, সেটিই এখন বড় প্রশ্ন। প্রতিটি মেয়েশিশুর নিজের ভবিষ্যৎ নিজে বেছে নেওয়ার অধিকার রয়েছে। ২০৩০ সালের অঙ্গীকার পূরণ করতে রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে সেই অধিকার নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে আর বিলম্ব নয়; প্রয়োজন কার্যকর উদ্যোগ, দায়িত্বশীলতা ও দৃঢ় অঙ্গীকার।