মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের টানা দ্বিতীয় জয়
পত্রদূত ডেস্ক: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এ টানা দ্বিতীয় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজানুর রহমান সর্বোচ্চ ৩১, রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ ও আশফাক মাশফি ১৫ রান করেন। সাতক্ষীরার তামিম ইকবাল ২৫ রানে ৪টি এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া আজনাত আব্দুল্লাহ, তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো একটি করে উইকেট পান।
জবাবে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সাতক্ষীরা। দলের পক্ষে মো. সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। রুহান আহমদ সবুজ অপরাজিত ৩৫ এবং মো. নাফিস আনজুম ১৪ রান করেন।
অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সাতক্ষীরার মো. সালমান আফ্রিদি।
দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম ও ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর একই ভেন্যুতে মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে মাঠে নামবে সাতক্ষীরা।
সংক্ষিপ্ত স্কোর:
মেহেরপুর অনূর্ধ্ব-১৮: ১৩৬ (৪৮.৩ ওভার)
সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮: ১৩৭/১ (২৮.১ ওভার)
ফল: সাতক্ষীরা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মো. সালমান আফ্রিদি (সাতক্ষীরা)।








