সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে আট দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজসংলগ্ন ফারুকের দোকানের পাশের মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম সাইদুলকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাকিব।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠ ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় আটটি দলের ৭২ জন স্থানীয় খেলোয়াড় অংশ নেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ ও টিম শওকাত।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। খেলা চলাকালে বক্তারা সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। খেলা পরিচালনায় ছিলেন আব্দুস সামাদ এবং সহকারী পরিচালক মুজাহিদ আল মাসুদ। এ ছাড়া উদ্যোক্তা ফারুক হোসেন, ধারাভাষ্যকার মো. জাকির হোসেন, সহকারী রেফারি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






