পত্রদূত ডেস্ক: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা গ্রামের শামছুর রহমান সানার ছেলে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১০জন আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গত ১৭ অক্টোবর মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার হন। এরপর ছয় দিন অতিবাহিত হলেও নতুন করে কোনো আসামি গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এদিকে, ১৩ অক্টোবর সন্ধ্যায় বাড়িতে হামলা এবং ১৪ অক্টোবর কুলিয়া বাজারের ডা. এম. এ সবুরের ক্লিনিক ও সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন শামীমের ওপর হামলার কয়েকটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে ঘাতকদের পরিচয় শনাক্তের দাবি উঠেছে। অভিযোগ রয়েছে, তাঁদের কেউ কেউ দলীয় পরিচয় ব্যবহার করে গ্রেপ্তার এড়িয়ে চলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে নিহত ওয়াহেদুজ্জামানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বসতঘরের জানালা থেকে প্রতিবেশী আবুল কাশেমের বাড়ির জানালার দূরত্ব চার থেকে পাঁচ হাত। ফলে এক বাড়ি থেকে জোরে কথা বললে অন্য বাড়ির জানালা দিয়ে তা মোবাইল ফোনে রেকর্ড করা সম্ভব বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয়দের অভিযোগ, আবুল কাশেমের মেয়ে মুসলীর সঙ্গে উত্তর পারুলিয়ার গোলাম মোস্তফার বিয়ে হলেও তাঁরা ঘরজামাই হিসেবে বসবাস করেন। নাজিরের ঘেরের নুরুজ্জামানের ছেলে মাসুদকে আবুল কাশেমের ছেলে হোসেন আলীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দেন তাঁরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৩ অক্টোবর বিকেলে স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে বিরোধের পর ওয়াহেদুজ্জামানকে জানালা দিয়ে উসকানিমূলক কথা বলতে প্ররোচিত করা হয় এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। পরে ওই অডিও পারুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল গাজীর কাছে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে সেখানে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলাম, মোক্তার হোসেন খান, ইয়াছিন আলী ও নাজিরের ঘেরের আসাদুল ইসলামসহ কয়েকজন উপস্থিত হন বলে স্থানীয়রা জানান। তাঁদের অভিযোগ, কামরুল গাজীর নেতৃত্বে একদল ব্যক্তি ওয়াহেদুজ্জামান শামীমের বাড়ির কলাপসিবল গেট ভাঙচুর করেন। পরবর্তীতে কুলিয়া বাজারের ডা. এম.এ সবুরের ক্লিনিক ও সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওয়াহেদুজ্জামানের ওপর হামলার ঘটনায় দক্ষিণ পারুলিয়ার ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক ফজলুল হক আমিনী, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ভদো এবং জামায়াত নেতা মাহাবুবুল আলমের ছেলে মাসুদ আল আযমের নাম উল্লেখ করেন স্থানীয়রা।
এ ছাড়া নিশ্চিন্তপুরের জাহাঙ্গীরের ছেলে আজাহারুল ইসলাম, শফিকুলের ছেলে নাজমুল হোসেন, দক্ষিণ পারুলিয়ার গাজীবাড়ির চা বিক্রেতা মজিদের ছেলে মাসুম, জেলেপাড়া মন্দিরের পাশে বসবাসকারী আমিরুলের ছেলে জাব্বির আকরাম, কদবেলতলার শরিফুল, নুরুন্নবী ও খায়রুলসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত হয়নি।
মামলার বাদী আব্দুল জলিল জানান, ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নতুন করে কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে তাঁর ভাই ওয়াহেদুজ্জামান হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতের কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান আসামি ফজলুল হক আমিনীসহ অভিযুক্তদের পক্ষে অপপ্রচার চালাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, মামলাটি স্পর্শকাতর। ভিডিও ফুটেজ যাচাই, মোবাইল ফোনের সূত্র এবং হামলার সময় উপস্থিত স্থানীয় লোকজন, পুলিশ সদস্য ও আনসার সদস্যদের বক্তব্য যাচাই করে আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বর্তমানে সম্ভাব্য আসামিরা পলাতক রয়েছেন বলে জানান তিনি।