আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবস: চাই ঐক্য, নিরাপত্তা ও ন্যায়বিচার
সাকিবুর রহমান বাবলা
নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা নির্ভীকভাবে কাজ করছেন, তাঁদের অবদান, সাহস ও আত্মত্যাগের স্বীকৃতি এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিয়ে প্রতিবছর ২৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবস। ২০০৫ সালের ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত নারী মানবাধিকার রক্ষকদের প্রথম আন্তর্জাতিক পরামর্শ সভা থেকে দিবসটির সূচনা হয়। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা দিনটি পালন করে আসছেন। আন্তর্জাতিক নাগরিক সমাজ ও নারী মানবাধিকার রক্ষকদের সম্মিলিত আন্দোলনের ফসল এই দিবস।
নারী মানবাধিকার রক্ষক বলতে শুধু নারীর অধিকার নিয়ে কাজ করা নারীদের বোঝায় না। যেকোনো মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত নারী এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় কাজ করা যেকোনো লিঙ্গের মানুষই এই পরিচয়ের অন্তর্ভুক্ত। তাঁরা বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, মানব পাচার, ধর্ষণ ও বৈষম্য প্রতিরোধের পাশাপাশি শ্রমিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, পরিবেশ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ মানবাধিকার রক্ষার কাজের পাশাপাশি নারী হওয়ার কারণে তাঁদের সামাজিক অবজ্ঞা, লিঙ্গভিত্তিক সহিংসতা, হুমকি, চরিত্রহনন এবং অনলাইন ও অফলাইন হয়রানির শিকার হতে হয়।
এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৬৮/১৮১ নম্বর ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটির ২৮টি কার্যকরী ধারায় নারী মানবাধিকার রক্ষকদের কাজের বৈধতা ও গুরুত্ব স্বীকার, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত, নির্বিচার গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, দায়মুক্তির অবসান, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, সংঘাতপূর্ণ পরিবেশে নিরাপত্তা, পরিবার ও সন্তানদের সুরক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা, আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নারী মানবাধিকার রক্ষকদের নির্যাতনের ঘটনা যথাযথভাবে নথিবদ্ধ করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
২০২৬ সালে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের প্রতিপাদ্যেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ইউএন ওমেনের জরিপে অংশগ্রহণকারী নারী মানবাধিকার রক্ষাকর্মী, অধিকারকর্মী ও সাংবাদিকদের প্রতি ১০ জনের সাতজন জানিয়েছেন, পেশাগত কাজের কারণে তাঁরা অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জানিয়েছেন, অনলাইন সহিংসতার সঙ্গে সম্পর্কিত ক্ষতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাস্তব জীবনেও। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ৮১৩ জন নারী মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন নেতাকর্মী নিহত অথবা জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে ইউএন ওমেন অনলাইন ও অফলাইন নিরাপত্তা, অপরাধীদের জবাবদিহি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ এবং অধিকারভিত্তিক সংগঠনগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও নমনীয় অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছে।
বাংলাদেশেও নারী মানবাধিকার রক্ষাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ২৮ অনুচ্ছেদে নারী-পুরুষের সমান অধিকার ও বৈষম্যহীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডো), শিশু অধিকার সনদ ও নির্যাতনবিরোধী সনদসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে অঙ্গীকারবদ্ধ। তবে সিডো সনদের ২ ও ১৬(১)(গ) ধারায় বাংলাদেশের সংরক্ষণ রয়েছে।
আইনগত কাঠামো থাকা সত্ত্বেও বিচারহীনতা, গণপিটুনি, সাইবার হয়রানি, সংখ্যালঘুদের ওপর হামলা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা এখনো বড় চ্যালেঞ্জ। নারী অধিকারকর্মীরা পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, শ্রমজীবী নারীর ন্যায্য মজুরি এবং আদিবাসী ও সংখ্যালঘু নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। এ কাজ করতে গিয়ে তাঁদের সামাজিক প্রতিক্রিয়া, অনলাইন হুমকি ও আইনি হয়রানির মুখোমুখি হওয়ার অভিযোগও রয়েছে। নারী মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষায় পৃথক আইন না থাকায় বিদ্যমান আইন ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও ২০২৫ ও ২০২৬ সালে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ২০২৫ সালের অধ্যাদেশের পর ২০২৬ সালের এপ্রিলে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলিত হয় এবং সেপ্টেম্বরে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ প্রণীত হয়। কমিশনের স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা নারীসহ সব মানবাধিকার রক্ষাকর্মীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জরুরি।
বিশ্বজুড়ে মালালা ইউসুফজাই মেয়েদের শিক্ষার অধিকার, শিরিন এবাদি নারী ও শিশুর আইনি অধিকার এবং এলেনর রুজভেল্ট সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় স্মরণীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশে সুলতানা কামাল, আইরিন খান, খুশী কবির ও শিরীন হক নারী ও মানবাধিকার আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
১৯৪৫ সালের সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ প্রণয়নের সময় ব্রাজিলের বার্থা লুৎজ, ডোমিনিকান প্রজাতন্ত্রের মিনার্ভা বার্নার্ডিনো, চীনের উ ই-ফাং ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া গিল্ডারস্লিভসহ চার নারী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে বার্থা লুৎজ ও মিনার্ভা বার্নার্ডিনোর প্রচেষ্টায় জাতিসংঘ সনদের প্রস্তাবনায় নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি এবং ৮ নম্বর অনুচ্ছেদে জাতিসংঘের সব অঙ্গসংগঠনে সমান শর্তে অংশগ্রহণের অধিকার অন্তর্ভুক্ত হয়। তাঁদের প্রচেষ্টার ধারাবাহিকতায় ১৯৪৬ সালে নারীর মর্যাদাবিষয়ক কমিশন প্রতিষ্ঠার পথও সুগম হয়।
নারী মানবাধিকার রক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাঁদের ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয় নয়; এটি গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাঁদের কণ্ঠ রুদ্ধ হলে সমাজে বৈষম্য ও অন্যায়ের বিস্তার ঘটে। তাই রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, নারী মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর হামলা সামগ্রিক অগ্রগতির ওপরই আঘাত। তাঁদের সুরক্ষা নিশ্চিত করা মানে সবার অধিকার, মর্যাদা ও সম্মিলিত ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবসের প্রত্যাশা হোক—ঐক্য, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে অধিকার রক্ষার জন্য কাউকে ভয় ও নির্যাতনের মুখোমুখি হতে হবে না।












