সম্পাদকীয়/বিলের পাখি বাঁচাতে চাই সমন্বিত অভিযান ও সচেতনতা
সাতক্ষীরার বিস্তীর্ণ বিল, মাছের ঘের ও জলাশয়ে নির্বিচারে পাখি শিকারের যে চিত্র উঠে এসেছে, তা কেবল বন্যপ্রাণীর জন্য নয়, পুরো অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যই অশনিসংকেত। বক, পানকৌড়ি ও ঘুঘুর মতো দেশীয় পাখির পাশাপাশি অতিথি বা পরিযায়ী পাখি নিধনের ঘটনা আমাদের প্রকৃতির ভারসাম্যকে মারাত্মকভাবে নাড়িয়ে দিচ্ছে। মাছের টোপ দিয়ে লাইলনের ফাঁদ, এয়ারগান, কারেন্ট জাল এবং পাখির ডাক নকল করার শব্দযন্ত্র ব্যবহার করে রাতের আঁধারে যেভাবে পাখি ধরা হচ্ছে, তাতে বোঝা যায় শিকারিরা বেশ সংগঠিত ও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় কৃষক ও পরিবেশকর্মীদের বক্তব্য অনুযায়ী, শহরের আশপাশের রাজারবাগান বিল, ডায়ের বিল, মাছখোলা বিল, হরিণখোলা, গোলপাতা বিল, গদাই ও খড়িবিলসহ নানা জলাশয়ে প্রতিদিনই পাখি নিধন চলছে। অথচ এসব পাখি কৃষিজমি ও জলাশয়ের ক্ষতিকর পোকামাকড় ও জীববৈচিত্র্য নিয়ন্ত্রণে নীরব ভূমিকা পালন করে। পাখি কমে গেলে কীটপতঙ্গের ভারসাম্য নষ্ট হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ফসল ও মাছের ঘেরেও। ফলে পাখি বাঁচানো মানে নিজেদের কৃষিকাজ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা।
আইনের দিক থেকে পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয়, দখলে রাখা বা পরিবহন স্পষ্টতই দ-নীয় অপরাধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এ এসব অপরাধের বিরুদ্ধে কারাদ- ও জরিমানার বিধান রয়েছে, এবং পুনরাবৃত্তিতে শাস্তি আরও কঠোর করার ব্যবস্থা আছে। কিন্তু বাস্তবতা হলো, আইনের কঠোর প্রয়োগ ও নিয়মিত তদারকির অভাবে অনেক ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গোপনে কিংবা বাজারে পাখি কেনাবেচা চললেও তা রোধে কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি।
এ পরিস্থিতিতে প্রশাসনের আশ্বাস আশাজাগানিয়া হলেও কেবল বিচ্ছিন্ন পদক্ষেপে স্থায়ী সমাধান আসবে না। বন বিভাগের জনবল সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে রাতের বেলা জলাশয় ও হাটবাজারে নিয়মিত অভিযান চালাতে হবে। প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং এলাকাভিত্তিক প্রতিরোধ সেল সক্রিয় করা জরুরি।
পাশাপাশি সবচেয়ে বড় প্রয়োজন সামাজিক সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পাখি ধরা বা কেনার প্রবণতা বন্ধে স্থানীয় জনগণ, ঘেরমালিক ও বাজার কমিটিকে সম্পৃক্ত করতে হবে। প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিল ও জলাশয়কে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপই পারে সাতক্ষীরার আকাশ ও বিলে পাখির অবাধ বিচরণ ফিরিয়ে আনতে।












