রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা ও সামাজিক সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা ও সামাজিক সংকট

সচ্চিদানন্দ দে সদয়

মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়গুলোর একটি হলো বার্ধক্য। শৈশবে যেমন মানুষ অন্যের স্নেহ-যত্নের ওপর নির্ভরশীল থাকে, জীবনের শেষ প্রান্তেও অনেকটা তেমনই হয়ে পড়ে। পার্থক্য শুধু এটুকু—শৈশবে থাকে আগামীর স্বপ্ন, আর বার্ধক্যে জমা হয় জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, স্মৃতি, প্রাপ্তি ও হারানোর গল্প। অথচ যে মানুষটি একসময় পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন, বয়সের ভারে একসময় তিনিই হয়ে পড়েন উপেক্ষিত। তাঁর কথা শোনার মানুষ কমে যায়, অনুভূতি বোঝার মানুষও হারিয়ে যায়। এভাবেই নিঃসঙ্গতা নীরবে গ্রাস করে অনেক প্রবীণ মানুষকে।

বার্ধক্য কোনো অপরাধ নয়; এটি জীবনের স্বাভাবিক পরিণতি। আজ যিনি তরুণ, কর্মক্ষম ও ব্যস্ত, কাল তাঁকেও এই বয়সে পৌঁছাতে হবে। অথচ আমাদের সমাজে প্রবীণদের প্রতি একধরনের উদাসীনতা তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা নিজেদের কর্মব্যস্ততা, সন্তানদের পড়াশোনা, চাকরি ও ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে ঘরের বয়স্ক মানুষটির সঙ্গে কিছুক্ষণ বসে কথা বলার সময়ও অনেকের হয় না। একই ছাদের নিচে থেকেও তৈরি হচ্ছে মানসিক দূরত্ব। ঘরে মানুষ আছে, কথা বলার সুযোগ আছে, অথচ মনের কথা বলার কেউ নেই। এই নিঃসঙ্গতাই বৃদ্ধ বয়সের অন্যতম বড় কষ্ট।

একসময় যাঁদের হাত ধরে একটি পরিবার গড়ে উঠেছে, সন্তানদের মানুষ করতে যাঁরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, জীবনের শেষ সময়ে তাঁদেরই অনেককে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। কেউ সন্তানদের সংসারে জায়গা পেলেও পান না যথাযথ সম্মান ও মানসিক আশ্রয়। কেউ আবার বৃদ্ধাশ্রমে কিংবা একাকী ঘরে দিন কাটান। সন্তানরা কর্মসূত্রে দূরে থাকেন, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ কমে যায়। স্বামী বা স্ত্রী মারা গেলে নিঃসঙ্গতা আরও গভীর হয়। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর শূন্যতা কোনো অর্থসম্পদ দিয়ে পূরণ করা যায় না।

বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা শুধু একা থাকার বিষয় নয়; এটি মানসিক ও সামাজিক সমস্যাও। অবহেলা, অনাদর, অসহায়ত্ব এবং গুরুত্বহীনতার অনুভূতি একজন প্রবীণ মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেকেই নিজের প্রয়োজনের কথা বলতে সংকোচ বোধ করেন। সন্তানদের বিরক্তির কারণ হতে চান না বলে অসুস্থতা কিংবা মানসিক কষ্টের কথাও গোপন করেন। কারও মধ্যে হতাশা, উদ্বেগ ও বিষণ্নতা দেখা দেয়। কেউ দীর্ঘ সময় নীরবে বসে থাকেন, কেউ পুরোনো স্মৃতির মধ্যে বেঁচে থাকার চেষ্টা করেন। অথচ তাঁদের সামান্য সময় দেওয়া, মনোযোগ দিয়ে কথা শোনা কিংবা পাশে বসে থাকাই হতে পারে বড় প্রাপ্তি।

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একসময় যৌথ পরিবার ছিল আমাদের সমাজের শক্তিশালী কাঠামো। একই বাড়িতে কয়েক প্রজন্মের বসবাস, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ছিল। সময়ের সঙ্গে পরিবার ছোট হয়েছে। কর্মসংস্থানের কারণে সন্তানরা শহর কিংবা বিদেশে পাড়ি জমাচ্ছেন। গ্রামে থেকে যাচ্ছেন অনেক প্রবীণ বাবা-মা। কারও সন্তান বিদেশে প্রতিষ্ঠিত, কারও সন্তান রাজধানীতে ব্যস্ত। মাসে মাসে অর্থ পাঠানো কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়াকেই অনেকে দায়িত্ব পালনের যথেষ্ট উপায় মনে করেন। কিন্তু অর্থ দিয়ে খাবার, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা গেলেও স্নেহ, ভালোবাসা এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না।

প্রবীণদের জীবনে আরেকটি বড় সংকট হলো সামাজিক যোগাযোগের অভাব। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর অনেকেই নিজেকে অপ্রয়োজনীয় মনে করেন। আগে যাঁরা প্রতিদিন মানুষের সঙ্গে মিশতেন, সিদ্ধান্ত নিতেন, কাজের মধ্যে সময় কাটাতেন, অবসরের পর তাঁদের জীবনে একঘেয়েমি নেমে আসে। বন্ধু ও সমবয়সীদের অনেকে মারা যান, কেউ অসুস্থ হয়ে ঘরবন্দি থাকেন। চলাফেরার সীমাবদ্ধতায় তাঁদের সামাজিক পরিসর আরও সংকুচিত হয়। ফলে দিনের দীর্ঘ সময় কাটে একা, স্মৃতি আর অপেক্ষার মধ্যে।

এই বাস্তবতায় পরিবারের সদস্যদের সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। বৃদ্ধ বাবা-মাকে শুধু ভরণপোষণ দেওয়াই দায়িত্বের শেষ কথা নয়। তাঁদের সঙ্গে কথা বলা, পারিবারিক সিদ্ধান্তে মতামত নেওয়া, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত রাখা জরুরি। প্রতিদিন কিছুটা সময় তাঁদের জন্য রাখা প্রয়োজন। দূরে থাকলে নিয়মিত ফোন করা, ভিডিও কলে কথা বলা এবং সুযোগ পেলেই দেখা করতে যাওয়া উচিত। বিশেষ করে নাতি-নাতনিদের সঙ্গে দাদা-দাদি, নানা-নানির সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর মধ্য দিয়েও পারিবারিক বন্ধন দৃঢ় হতে পারে।

রাষ্ট্র ও সমাজেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। প্রবীণদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা, বিনোদন এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রবীণ ভাতা ও অন্যান্য সহায়তা কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রকৃত অসহায় ব্যক্তিরা যাতে এসব সুবিধা পান, তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় প্রবীণদের জন্য মিলনকেন্দ্র, পাঠাগার, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নিয়মিত সামাজিক যোগাযোগের ব্যবস্থা করা যেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কাজে ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যমেও প্রবীণদের জীবন, অধিকার ও সমস্যাগুলো নিয়মিত তুলে ধরা প্রয়োজন। বৃদ্ধ বয়সকে করুণার বিষয় হিসেবে না দেখে তাঁদের মর্যাদা, অভিজ্ঞতা ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকেই শেখাতে হবে, বাবা-মায়ের প্রতি দায়িত্ব কেবল আর্থিক নয়; এটি ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিকতার বিষয়।

আমাদের মনে রাখতে হবে, আজকের প্রবীণ মানুষটিও একদিন ছিলেন তরুণ। তাঁরও ছিল স্বপ্ন, কর্মব্যস্ততা, আনন্দ-বেদনা এবং পরিবারকে ঘিরে অসংখ্য প্রত্যাশা। সময়ের পরিবর্তনে শরীরের শক্তি কমে যেতে পারে, কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো কমে না। বয়স বাড়লে মানুষের প্রয়োজন শুধু ওষুধ, খাবার কিংবা নিরাপদ আশ্রয় নয়; প্রয়োজন একটু মনোযোগ, কিছুটা সময়, সম্মান এবং আপনজনের সান্নিধ্য।

একটি সভ্য সমাজের পরিচয় পাওয়া যায় সে সমাজ তার প্রবীণদের কতটা সম্মান ও নিরাপত্তা দেয়, তার মধ্য দিয়ে। বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা কোনো ব্যক্তির একার সমস্যা নয়; এটি আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের সংকট। তাই বার্ধক্যকে বোঝা নয়, জীবনের স্বাভাবিক অধ্যায় হিসেবে গ্রহণ করতে হবে। প্রবীণদের জীবনের শেষ দিনগুলো যেন অবহেলা, অপেক্ষা আর দীর্ঘশ্বাসে না কাটে, সে দায়িত্ব আমাদের সবার। কারণ বয়সের শেষ প্রান্তে মানুষের সবচেয়ে বড় চাওয়া—কেউ একজন পাশে বসে বলুক, ‘আপনি একা নন, আমরা আছি।’

লেখক: সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি, সাতক্ষীরা

Ads small one

কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ‘সমতট’-এর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মা আনোয়ারা খাতুন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, চার মেয়ে, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার এশার নামাজের পর তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তারা ও সদস্যরা। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা হলেন কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, কাজী সিরাজ, প্রভাষক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক সুজা, মিকাঈল হোসেন, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন ও যুগের বার্তার সাংবাদিক শেখ জিয়াসহ অনেকে।

উপকূল থেকে রাজধানী: সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
উপকূল থেকে রাজধানী: সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দরগাহপুর গ্রামের তরুণ এ কে এম শাকিল। রক্তদান, পথশিশুদের পাঠদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে ত্রাণ সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম—বিভিন্ন মানবিক উদ্যোগে যুক্ত থেকে তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয়। সীমিত সামর্থ্য ও পেশাগত ব্যস্ততার মধ্যেও মানুষের জন্য কাজ করে যাওয়াই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।

২৮ বছর বয়সী শাকিল, মো. আব্দুল কাদেরের ছেলে। মানবসেবার অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকেই। সংসারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাঁর বাবা মানুষের বিপদে এগিয়ে যেতেন। বাবার সেই মানবিক চর্চা শাকিলের জীবনেও প্রভাব ফেলেছে।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন মুমূর্ষু এক বৃদ্ধার জন্য রক্ত দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় শাকিলের। ফলে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। নিজের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হলেও একজন মানুষের জীবন বাঁচাতে রক্তদানকেই অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। সেখান থেকেই মানবসেবায় তাঁর পথচলা আরও দৃঢ় হয়।

২০১৮ সালে সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুরের সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন শাকিল। কলেজের আশপাশের হাসপাতালগুলোতে রক্তের জন্য রোগীর স্বজনদের ছোটাছুটি দেখে নিজ উদ্যোগে স্বল্পমূল্যের একটি স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে গড়ে তোলেন ‘বাঙলা কলেজ ব্লাড ব্যাংক’। পরবর্তীতে এটি ‘৭ কলেজ ব্লাড অর্গানাইজেশন’-এ রূপ নেয়। সংগঠনটি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ, রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জরুরি রোগীদের রক্তের ব্যবস্থা করে আসছে। ২০২০ সাল থেকে ক্ষুধার্ত মানুষের জন্য ‘রুটি দিবস’ উদ্যোগেও যুক্ত রয়েছে সংগঠনটি।

করোনাকালে নিজ এলাকায় আক্রান্ত রোগীদের সেবা, বিনামূল্যে অক্সিজেন সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা এবং কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করেন শাকিল। ২০২৪ সালের আগস্টে ট্রাফিক ব্যবস্থাপনায় শূন্যতা তৈরি হলে ৭ থেকে ১৪ আগস্ট টানা আট দিন সড়কে দায়িত্ব পালন করে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগেও অংশ নেন। বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে ছুটে গেছেন বিভিন্ন এলাকায়।

পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করাও শাকিলের মানবিক উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। ২০২০ সালে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকার শিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেই ভাবনা থেকে ২০২৪ সাল থেকে ‘মজার ইশকুল’, ‘জুম বাংলাদেশ স্কুল’ ও ‘প্রত্যয় শিশু কেন্দ্র’-এর মাধ্যমে পথশিশুদের পাঠদান শুরু করেন। বর্তমানে ঢাকার দুই শতাধিক ছিন্নমূল শিশুর কাছে তিনি পরিচিত ‘শাকিল স্যার’ হিসেবে।

সরকারি বাঙলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাকিল। পেশাগত ব্যস্ততা ও ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি প্রতি মাসে নিজের আয়ের অন্তত ২০ শতাংশ মানবিক কাজে ব্যয় করেন বলে জানান তিনি। মাঠপর্যায়ের উদ্যোগের পাশাপাশি বাঁধন, জুম বাংলাদেশ, বেটার হোপ ফাউন্ডেশন, সেবার সূচনা ও বন্ধুত্বের বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।

মানবসেবার পরিধি আরও বিস্তৃত করতে মৃত্যুর পর চক্ষুদানের অঙ্গীকারও করেছেন শাকিল। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে মরণোত্তর চক্ষুদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন। তাঁর ভাষায়, “ভালো কাজের পেছনে সময় দিতে পারছি, এটা মহান আল্লাহর নেয়ামত। সামর্থ্য ও সুস্থতা থাকা পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।”

ব্যক্তিগত অর্জন ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি মানুষের কল্যাণে সময় দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পান শাকিল। সাতক্ষীরার একটি গ্রাম থেকে রাজধানীতে এসে রক্তদান, শিশুশিক্ষা, দুর্যোগ সহায়তা ও নানা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত তাঁর এই পথচলা সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আদালতে মামলায় জামিন পেয়ে বের হওয়ার পর এক ব্যক্তিকে আদালতের ফটক থেকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মামলার বাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা জজ আদালতের পকেট গেটের সামনে নজরুল ইসলামের হোটেলসংলগ্ন এলাকা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. অহিদুজ্জামান। তিনি যশোরের কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে।

অহিদুজ্জামানের দাবি, তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসায়িক সূত্রে ২০১৭ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। জাহাঙ্গীরের কাছ থেকে কেনা পণ্য ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা পরিশোধ বন্ধ করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। এ নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামানকে জেল খেটে দেশে ফিরতে হয় বলে তিনি জানান। পরবর্তীতে হুমকি-ধমকির অভিযোগে ২০১৮ সালের ১৮ জানুয়ারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অহিদুজ্জামান জানান, মালয়েশিয়া-সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম তার স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করেন এবং সাড়ে ৯ লাখ টাকা পাওনা দাবি করে গত বছরের ৪ অক্টোবর সাতক্ষীরার আমলী-৪ আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি সিআর-৩৮১/২৫ (কলারোয়া) নম্বরে নথিভুক্ত হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে আদালত অহিদুজ্জামানকে ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

অন্যদিকে, স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরির অভিযোগে অহিদুজ্জামান গত ২২ নভেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাল্টা প্রতারণার মামলা করেন। ওই মামলাটিও তদন্তের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অহিদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৫০০ টাকা বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শুনানির সময় তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে ধরেন। এ সময় বিচারক উভয় পক্ষকে পরবর্তী ধার্য তারিখে নিজ নিজ পাসপোর্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

জামিন শেষে আইনজীবীর সহকারী মো. সবুজ হোসেনকে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির পেছনের ভবনের পকেট গেট দিয়ে বের হয়ে নজরুল ইসলামের হোটেলের সামনে পৌঁছালে জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ অহিদুজ্জামানের। পরে তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে সার্কিট হাউস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গলিতে নিয়ে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অহিদুজ্জামান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিণ্টুকে বিষয়টি জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী বিচারককেও তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় বলে অহিদুজ্জামান জানান। স্বাক্ষর জালিয়াতির মামলা থেকে রেহাই পেতে তাকে অপহরণ করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সার্কিট হাউস মোড়ের শিহাব হোসেন নামে এক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলম সেখানে নতুন বাড়ি নির্মাণ করেছেন এবং কলারোয়ার যুগিখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম কিছু টাকার বিনিময়ে তাকে ও এলাকার কয়েকজনকে আদালতের গেটে নিয়ে যান। অভিযোগের সত্যতা বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে আসেন। তবে অহিদুজ্জামানের টাকা ও আংটি কে নিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু বলেন, আদালতে বিচার চেয়ে মামলা করার পর আদালতের ফটক থেকে বাদীর বিরুদ্ধে আসামিকে অপহরণ, মারধর ও টাকা-আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গুরুতর। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটছে বলে তাঁদের কাছে খবর আসে। এ বিষয়ে আইনজীবী সমিতিকে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে রোববার দুপুরে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।