শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

৭৭ হাজার মামলার ভারে ভরাক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ, আশার আলো দেখাচ্ছে লিগ্যাল এইড অফিস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
৭৭ হাজার মামলার ভারে ভরাক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ, আশার আলো দেখাচ্ছে লিগ্যাল এইড অফিস

বদিউজ্জামান: মামলার ভারে ভরাক্রান্ত হয়ে পড়ছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি বছরের ফেব্রুয়ারি ২০২৬ মাস শেষে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে। তবে এই চাপের মধ্যেও আশার আলো দেখাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, যা অসহায় ও দরিদ্র মানুষের দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় দেওয়ানি, ফৌজদারি, ম্যাজিস্ট্রেসি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার মোট সংখ্যা ৭৭ হাজার ৪৬ টি। এর মধ্যে জজশীপে দেওয়ানি মোকদ্দমা ২৪ হাজার ৮৯৩টি, ল্যান্ড সার্ভে মামলা ৭ হাজার ২৩৬টি এবং ফৌজদারি মামলা ১৩ হাজার ২৮৭টি উল্লেখযোগ্য। এছাড়া ম্যাজিস্ট্রেসিতে বিচারিক ও আমলী ফাইল মিলিয়ে রয়েছে ১৩ হাজার ৮১০ টি মামলা।

এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু মামলা ২ হাজার ৫২২টি, শিশু মামলা ৬২৬টি, মানব পাচার সংক্রান্ত ১৫১টি এবং পিটিশন মামলা ১০৪৩ টি বিচারাধীন রয়েছে। এছাড়া শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালেও রয়েছে ১৫০ টি মামলা।

এত বিপুল মামলার চাপে বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ার আশঙ্কা থাকলেও জেলা লিগ্যাল এইড অফিস কার্যকর উদ্যোগের মাধ্যমে অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে। জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫২০টি মামলা দায়ের এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

একই সময়ে ১ হাজার ৬০০টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন গৃহীত হয়, যার মধ্যে ১ হাজার ৪৬১টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এডিআরের মাধ্যমে প্রায় ৯৭ লাখ ৭৮ হাজার টাকা আদায় করে বাদী পক্ষকে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এছাড়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ হাজার ১০৬ জন নারী ও ৩৭৬ জন পুরুষকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ জনে।

অন্যদিকে, আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন লিগ্যাল এইড অফিসে পাঠানো হয়েছে, যা এই সেবার ব্যাপকতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার জট কমাতে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবে এবং বিচার বিভাগের ওপর চাপও কমবে।

জেলা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে সাতক্ষীরা জজ আদালতে নতুন করে ১৬ টি আদালত সৃষ্টি করে বেশ কিছু বিচারক নিয়োগ দেওয়া হলেও অবকাঠামোগত সমস্যার কারণে তা পূর্ণতা পায়নি। তারা আরও বলেন, মামলার সংখ্যা বাড়লেও লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি আরও বাড়ানো গেলে বিচারপ্রক্রিয়া অনেকটাই সহজ ও গতিশীল হবে।

সাতক্ষীরার বিচার বিভাগ যখন মামলার ভারে জর্জরিত, তখন লিগ্যাল এইড অফিসই হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের একটি কার্যকর ও আশাব্যঞ্জক প্ল্যাটফর্ম।

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে ১মে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু ’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নেন।

 

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে র‌্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মো. আব্দুল গফফারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সুজায়েত আলী বলেন, “পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকের ঘাম ঝরলেও ন্যায্য অধিকার নিশ্চিত হয় না। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। রাস্তায় ইজিবাইক ও ভ্যানচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ওপর সব ধরনের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দীর্ঘ দিন বন্ধ থাকা সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর মাধ্যমে সাতক্ষীরার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানান তিনি। শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সমাবেশে সংগঠনের নির্বাহী সম্পাদক ও নির্বাহী সদস্য মাওলানা রবিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মেহবুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ এবং শ্রমিক নেতা ব্যাংকার ফিরোজ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শ্রমিকের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন।

 

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

মোস্তফা সরোয়ার-তরিকুল ইসলামের নেতৃত্বে খুলনা প্রেসক্লাবের নতুন নির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সাথে সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও গণমাধ্যমের মানোন্নয়নে তাঁরা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি

সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সংবাদদাতা: মহান মে দিবস এবং এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় মে দিবসের র‌্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

 

(১লা মে ২০২৬) শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণকারীরা “মহান মে দিবস” লেখা ব্যানার ও সবুজ বেলুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন। উক্ত র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডি এম রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, শ্রমিক অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রিক মিডিয়া ও সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন। তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন সমস্যা কথা ও দাবি তুলে ধরেন জেলা প্রশাসকের সামনে এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।