তালায় নতুন ইউএনও জান্নাতুল আফরোজের যোগদান
তালা প্রতিনিধি: তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল আফরোজ স্বর্ণা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “সরকারের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে আমি সচেষ্ট থাকব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”
জান্নাতুল আফরোজ স্বর্ণা ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তালায় যোগদানের আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।






