৩ কোটি ৮০ লাখ টাকায় ইজারা হলো শার্শার সাতমাইল পশুহাট
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৩ কোটি ৮০ লাখ টাকায় এই হাটের ইজারা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এই ইজারা প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে আগামী এক বছরের জন্য ইজারা পেয়েছেন কুদ্দুস আলী বিশ্বাস। ইউএনও ফজলে ওয়াহিদের উপস্থিতিতে স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে এই উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়।
সাতমাইল পশুহাট দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম গবাদিপশুর বিক্রয়কেন্দ্র হিসেবে পরিচিত। সপ্তাহে দুই দিন—শনিবার ও মঙ্গলবার এই হাট বসে। বছরে শত কোটি টাকার গবাদিপশু কেনাবেচা হয় এই হাটে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।
নতুন ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “সরকার নির্ধারিত হার অনুযায়ী হাসিল (ইজারা) আদায় করা হবে। হাটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নিয়ম মেনে এবং আইনশৃঙখলা বজায় রেখে পশুহাট পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









