শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আটকে থাকা জাহাজগুলোকে সরিয়ে নেয়ার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
আটকে থাকা জাহাজগুলোকে সরিয়ে নেয়ার ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানের কথা জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এসব জাহাজকে নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তবে ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুমকি হিসেবে দেখছে, ফলে ভঙ্গুর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র ‘মুক্ত করতে সহায়তা করবে’। সোমবার (৪ মে) থেকে এই উদ্যোগ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এর মাধ্যমে ওয়াশিংটন যে ইরানের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করবে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় রোববার (৩ মে) ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের অনুরোধে তিনি এই অভিযান শুরু করছেন, যার নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। তিনি সতর্ক করে দেন, এই উদ্যোগে কোনও বাধা দেয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘তারা কেবল নিরপেক্ষ ও নিরীহ দর্শক!’ তবে কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে, তা উল্লেখ করেননি তিনি।

তিনি আরো বলেন, ‘ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশকে জানিয়েছি, আমরা তাদের জাহাজগুলোকে নিরাপদে এই সীমাবদ্ধ সমুদ্রপথ থেকে বের করে আনতে সহায়তা করব, যাতে তারা স্বাভাবিকভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে’। ট্রাম্প জানান, অনেক জাহাজে খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম কমে আসছে। আর এটি বড় সংখ্যক ক্রুর জন্য স্বাস্থ্যকর অবস্থায় থাকা কঠিন করে তুলছে। তিনি বলেন, এই অভিযানে বাধা দিলে ‘দুঃখজনকভাবে শক্তভাবে তা মোকাবিলা করতে হবে’।

এদিকে এই অভিযান কীভাবে পরিচালিত হবে বা তেহরানের সঙ্গে কোনও সমন্বয় থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদি ইরান এর বিরোধিতা করে, তাহলে ৭ এপ্রিল কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ট্রাম্পের ঘোষণার পর ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, প্রণালিতে ‘যুক্তরাষ্ট্রের যেকোনও হস্তক্ষেপ’ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

তিনি এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে পরিচালিত হবে না! দোষ চাপানোর কৌশলে কেউ বিশ্বাস করবে না!’

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে তারা প্রণালিতে ‘স্বাধীনভাবে চলাচল করতে চাওয়া’ বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করবে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘এই প্রতিরক্ষামূলক মিশনে আমাদের সহায়তা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে আমরা নৌ অবরোধও বজায় রাখছি।’

তবে কীভাবে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা এখনও এই সংকীর্ণ সমুদ্রপথে জাহাজের সরাসরি চলাচলের জন্য প্রস্তুত নয়, কারণ সেখানে ইরানের দিক থেকে হামলার ঝুঁকি রয়েছে।

 

Ads small one

সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

সংবাদদাতা: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট মোড় ও তুফান মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব, সদর যুববিভাগের সভাপতি আনিছুর রহমানসহ জেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যেই আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এ সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে।

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: শনিবার (২৭ জুন ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির আভিযানে বড়ালী হতে ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

 

 

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্যবাহী জলাশয় রক্ষা এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সুন্দরবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সাইনবোর্ডগুলোতে খাল, জলাশয় ও উন্মুক্ত স্থানে বর্জ্য ও প্লাস্টিক না ফেলা, পরিবেশ দূষণ রোধ, পরিচ্ছন্ন নগর গঠন এবং পরিবেশবান্ধব নাগরিক আচরণ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও নির্দেশনা তুলে ধরা হয়েছে।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাণসায়র খাল সাতক্ষীরা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ এবং এই শহরের ফুসফুস। এর স্বাভাবিক প্রবাহ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। সরকারি-বেসরকারি ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাতক্ষীরা শহর গড়ে তোলা সম্ভব।

সাইনবোর্ড স্থাপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় কো-অর্ডিনেটর মাহাফুজুর রহমান মুকুল, পরিবেশকর্মী অনিমেষ পাল এবং রুহিতোষ কুমার দাশ, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল ও প্রচার সম্পাদক মোঃ মোকাররাম বিল্লাহ ইমন প্রমুখ।

পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে সাতক্ষীরার সাধারণ জনগণের প্রতি জোর আহ্বান জানিয়ে বলা হয় খাল, নদী, নালা বা কোনো জলাশয়ে কোনো ধরনের পচনশীল বা অপচনশীল বর্জ্য ফেলবেন না। একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল-ইউজ) প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করুন।