বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

মো. সিরাজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম গণেশ সরকার (৪৫)। তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধানবোঝাই করে কদমতলা বাজারের দিকে যাচ্ছিলেন গণেশ সরকার। তিন রাস্তার মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি হঠাৎ উল্টে যায়। এ সময় গণেশ নিজের ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ত্রিদেব সরকার বলেন, হাসপাতালে আনার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছিল।

 

 

 

 

 

Ads small one

প্রকৃতির লেখক তারিক ইসলামের জন্মদিনে শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
প্রকৃতির লেখক তারিক ইসলামের জন্মদিনে শুভেচ্ছা

“মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ”Ñ প্রকৃতির প্রতি অকৃত্রিম মমতায় এই স্লোগানটি যিনি হৃদয়ে ধারণ করেন এবং ছড়িয়ে দেন সাতক্ষীরার প্রান্তিক জনপদে, তিনি তারিক ইসলাম। আজ ৭ মে, সাতক্ষীরার এই তরুণ লেখক, গবেষক ও প্রকৃতিপ্রেমীর জন্মদিন।
২০০১ সালের এই দিনে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। পিতা মো. জামসেদ আলী ও মাতা মমতাজ বেগমের সন্তান তারিক শৈশব থেকেই জগত ও জীবনকে এক অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখতে অভ্যস্ত। প্রাতিষ্ঠানিক শিক্ষার গ-ি ছাপিয়ে তাঁর ধ্যান-জ্ঞান জুড়ে রয়েছে সাহিত্য আর প্রকৃতি।
সাহিত্যের বন্ধুর পথে কবিতার হাত ধরে তারিকের পথচলা শুরু হলেও সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও জীবনবোধের নানা রচনা। তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও তাদের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা অত্যন্ত গভীর।
“তারিক ইসলামের বিশ্বাসÑ বই পড়া এবং বাগান করা, এই দুটি অভ্যাসই মানুষকে প্রকৃত অর্থে সুন্দর ও বুদ্ধিমান করে তোলে।”
তারিক ইসলাম কেবল একজন লেখক বা কবিই নন, তিনি প্রকৃতির একনিষ্ঠ সেবক। সাতক্ষীরার স্থানীয় জীববৈচিত্র্য ও দুর্লভ ভেষজ উদ্ভিদ সংরক্ষণে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’। যখন তিনি লেখার টেবিলে থাকেন না, তখন তাঁকে দেখা যায় নতুন গাছের চারা রোপণ করতে কিংবা কোনো বিলুপ্তপ্রায় উদ্ভিদের সন্ধানে প্রকৃতির অলিগলিতে ঘুরে বেড়াতে।
তারিকের স্বপ্নের পৃথিবীটা একটু ভিন্ন। তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে প্রতিটি শিশু হবে আত্মবিশ্বাসী, সবুজ মনের অধিকারী এবং দেশপ্রেমিক।
আজকের এই বিশেষ দিনে তাঁর গুণমুগ্ধ পাঠক ও শুভানুধ্যায়ীরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করছেন। শুভ জন্মদিন, তারিক ইসলাম! প্রেসবিজ্ঞপ্তি

 

সম্পাদকীয়/প্রসঙ্গ: সুন্দরবনে দস্যুতা এবং আমাদের নিরাপত্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: সুন্দরবনে দস্যুতা এবং আমাদের নিরাপত্তা

দীর্ঘদিন শান্ত থাকার পর সুন্দরবন আবারও অশান্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যু ‘আলিম’ ও ‘নানাভাই’ বাহিনীর হাতে অন্তত ২২ জন জেলের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনা উপকূলীয় জনপদে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একই সময়ে দাকোপের ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা এবং সরকারি এক কর্মীকে অপহরণের ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, সুন্দরবনের গহিন অরণ্য ও পার্শ্ববর্তী লোকালয়ে দস্যুরা আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।
২০১৮ সালে সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হয়েছিল, যা ছিল সরকারের এক অনন্য সাফল্য। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, সেই অর্জন এখন হুমকির মুখে। উদ্বেগের বিষয় হলো, লোকালয় থেকে মাত্র ১০-১২ মিনিটের দূরত্বে থাকা নদী বা খাল থেকেও জেলেদের অনায়াসে তুলে নিয়ে যাচ্ছে দস্যুরা। এটি বন ও লোকালয় সংলগ্ন আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও সক্রিয়তা নিয়ে বড় প্রশ্ন তোলে। ফিরে আসা জেলেদের ভাষ্যমতে, বন সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর ‘নিষ্ক্রিয়তার সুযোগ’ নিচ্ছে দস্যুরা। যখন বনজীবীরা বৈধ পাশ (অনুমতিপত্র) নিয়ে বনে গিয়েও জীবনের নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন তা কেবল তাদের জীবিকাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দেশের সুনীল অর্থনীতির জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
অত্যন্ত আশঙ্কাজনক তথ্য হলো, মুক্তিপণের দাবিতে প্রজনন কর্মীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার দায়ে আটককৃতদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা ২০১৭ সালে ‘আত্মসমর্পণকারী’ জলদস্যু। এটি একটি গভীর উদ্বেগের বিষয়। এর অর্থ হলো, পুনর্বাসন প্রক্রিয়ায় হয়তো কোনো ফাঁক রয়ে গেছে অথবা তাদের কর্মকা-ের ওপর গোয়েন্দা নজরদারি পর্যাপ্ত ছিল না। যদি আত্মসমর্পণকারী দস্যুরা আবারও পুরনো পথে ফিরে আসে, তবে তা সাধারণ বনজীবীদের জন্য আরও ভয়াবহ বার্তা বহন করে।
তবে অন্ধকারের মধ্যেও আশার আলো দেখিয়েছে কোস্ট গার্ড ও পুলিশের সাম্প্রতিক কিছু পদক্ষেপ। দাকোপে পর্যটকদের ওপর হামলায় জড়িতদের হাতেনাতে গ্রেপ্তার এবং পুলিশের তৎপরতায় প্রজনন কর্মীর উদ্ধার দস্যুদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। কিন্তু কেবল বিচ্ছিন্ন উদ্ধার অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন স্থায়ী সমাধান।
সুন্দরবনকে পুনরায় দস্যুমুক্ত ও নিরাপদ করতে হলে সমন্বিত টহল ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে কদমতলা, কৈখালী ও হরিনগর সংলগ্ন এলাকাগুলোতে কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের কঠোর নজরদারি প্রয়োজন। একই সাথে, সুন্দরবনের ভেতরে থাকা ছোট ছোট খালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে যাতে দস্যুরা কোনো স্থায়ী আস্তানা গড়তে না পারে।
উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা সুন্দরবনের ওপর নির্ভরশীল। তাদের এই নির্ভীক চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আশা করি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দস্যুদের শিকড় উৎপাটনে পুনরায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনবে।

নতুন কুঁড়ি স্পোর্টস: তিন ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন শ্যামনগরের মেয়েরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস: তিন ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন শ্যামনগরের মেয়েরা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে’ দাপট দেখিয়েছে শ্যামনগর উপজেলার মেয়েরা। ফুটবল, ব্যাডমিন্টন ও তায়কোয়ান্দোÑতিনটি ইভেন্টেই জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মঙ্গলবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের জমজমাট ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে শ্যামনগর বালিকা ফুটবল দল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন অধিনায়ক উজ্জ্বলনী জোয়ারদ্দার। পুরো ম্যাচে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের নজর কাড়েন তিনি। তায়কোয়ান্দো ইভেন্টে জি এম রাজগুল আহমেদ রাজুর নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্যামনগর দল। একই সঙ্গে এই উপজেলার কারাতে দলটি রানার্সআপ হওয়ার সাফল্য পেয়েছে।
অন্যদিকে, ব্যাডমিন্টন কোর্টেও শ্যামনগরের জয়জয়কার দেখা গেছে। বালিকাদের একক ও দ্বৈত—উভয় বিভাগেই তারা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বিপুল এই বিজয়ে চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। এছাড়া জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তরুণ এই ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং শ্যামনগরের এই সাফল্য অন্য উপজেলাগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।