দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা আটক, পরে খালে অবমুক্ত
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলাতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা আটক করা হয়েছে। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১২টার দিকে কুলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেবহাটা থানা পুলিশ। এসময় কুলিয়া বাজারের সাতক্ষীরা দধি ঘরের সামনে পুলিশের গাড়ি দেখতে পেয়ে একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা চালক ও এক আরোহী তাদের সঙ্গে থাকা একটি বস্তা রাস্তার উপর ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ বস্তাটি খুলে দেখতে পায়, সেখানে ৫টি পলিথিন বলে বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু পোনা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিটি বলে প্রায় ২০ থেকে ২৫ হাজার করে রেনু পোনা ছিল। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
ঘটনার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই নকীব পানুসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারিগুলোর সুনাম ক্ষুণœ করছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনু পোনাগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো খালে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে প্রায় ২০ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।












