শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

পত্রদূত রিপোর্ট: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

 

নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

Ads small one

বিক্ষোভের শঙ্কায় ইতালিতে বাড়িতে বাড়িতে পুলিশের হানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
বিক্ষোভের শঙ্কায় ইতালিতে বাড়িতে বাড়িতে পুলিশের হানা

 

চলমান অস্থিরতার মাঝে নতুন করে বড় ধরনের বিক্ষোভকে কেন্দ্র করে ইতালির মিলানসহ একাধিক শহরে ১৫০টি বাড়িতে একযোগে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভের নামে সহিংসতার পরিকল্পনা করার অভিযোগে ৫১ জন অপ্রাপ্তবয়স্কসহ একাধিক সন্দেহভাজনের বাড়িতে এ তল্লাশি চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

 

‘১৭ অক্টোবর মুভমেন্ট’-এর ব্যানারে শনিবার বিকেলে মিলান, তুরিন, রোম, বোলোনিয়া, নেপলসভিসহ দেশটির ছোট-বড় বিভিন্ন শহরে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জিনিসপত্রের উচ্চমূল্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনসহ নানা দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

 

 

এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মিলান শহরের প্রাণকেন্দ্রে মুখে কাপড় বাঁধা একদল যুবক দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়।

 

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েনফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন

গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি ও নতুন করে গোলযোগের আশঙ্কায় মিলান ও নেপলসহ বিভিন্ন শহরের বহু ব্যবসায়ী নিজ নিজ দোকানপাটের জানালা কাঠের তক্তা দিয়ে ঢেকে ঢেকে সুরক্ষার ব্যবস্থা করেছেন।

 

প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা প্রার্থীর ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মোটরসাইকেলসহ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে মোটরসাইকেলের বহরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী।

বক্তব্যে গাজী মোস্তফা কামাল বলেন, স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন—সব ক্ষেত্রেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী বলেন, “আজকের এই শোভাযাত্রা ব্যক্তিগত স্বার্থে নয়; বরং ইসলামী আন্দোলন ও সাংগঠনিক স্বার্থে। জামায়াতে ইসলামী আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। প্রতাপনগর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল আমিন, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তারসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রার্থীর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ধানখেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমাতুল্লাহ প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার একমাত্র ছেলে। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরের সাহায্যে ধানখেতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।