তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আসাদুজ্জামান রাজু।
মানববন্ধনে বক্তব্য দেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা সাইদুর ইসলাম সাইদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্যসচিব খান নাজমুল হোসেন এবং তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিয়ে একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত। তাঁরা পেশাগত মর্যাদা রক্ষায় দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এ সময় বক্তারা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের মালামাল বিক্রি এবং অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রে অতিরিক্ত ৪০০ টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফল পাওয়া যায়নি।
এ বিষয়ে ডা. মিজানুর রহমান বলেন, তিনি তাঁর ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মন্তব্যে কোনো গণমাধ্যমকর্মী কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করেন ডা. মিজানুর রহমান। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলে বুধবার (২১ অক্টোবর) তিনি আরেকটি পোস্টে আগের বক্তব্যের ব্যাখ্যা দেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন।