এলপিজির মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক, নির্দেশ অমান্য করলে শাস্তির হুঁশিয়ারি
পত্রদূত ডেস্ক: খুলনা জেলায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নির্ধারিত দাম নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে প্রতিটি এলপিজি ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টের প্রবেশমুখে বা দৃশ্যমান স্থানে বিইআরসি নির্ধারিত হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে বা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও অনেক ডিলার ও ফিলিং স্টেশন তা প্রদর্শন করছে না। কোথাও কোথাও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারার স্পষ্ট লঙ্ঘন এবং বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ডিলার ও ব্যবসায়ীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছেÑ প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ গ্রাহকের সহজে নজরে আসে এমন স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। তালিকায় প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা অনুযায়ী নির্ধারিত দাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। কোনো অবস্থাতেই বিইআরসি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
পোষণ করা হয়েছে যে, বাজার তদারকি বা সরাসরি অভিযোগের ভিত্তিতে যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা বা বেশি দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অন্যান্য প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা ফেরাতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও ডিলারদের অনুরোধ জানানো হয়েছে।









