বেনাপোল সীমান্তে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বুধবার (১৩ মে) রাত সাড়ে আটটার দিকে সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়া জানান, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি অসুস্থ ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









