নির্ধারিত সময়ের আগে পাড়া ৬০ কেজি ন্যাংড়া আম জব্দ
নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা (ম্যাঙ্গো ক্যালেন্ডার) অমান্য করে গাছ থেকে অপরিপক্ব ন্যাংড়া আম পাড়ার অভিযোগে ৬০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটের পাশে এই অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ন্যাংড়া আম পাড়ার সুনির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে আগামী ২৭ মে। কিন্তু নির্দেশ অমান্য করে আলিপুর এলাকার মিজান নামের এক ব্যক্তি আজ সকালেই তাঁর কেনা গাছ থেকে আম সংগ্রহ করছিলেন।
অভিযানকালে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কেজি ন্যাংড়া আম জব্দ করেন। তবে আম পাড়ার সাথে জড়িত মিজানকে কোনো আর্থিক জরিমানা না করে এবার সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা বলেন, “আগামী ২৭ মে তারিখের আগে কোনোভাবেই ন্যাংড়া আম গাছ থেকে সংগ্রহ করা যাবে না। এরপরও যদি কেউ নির্ধারিত সময়ের আগে আম পাড়েন, তবে তাঁকে জেল ও জরিমানার আওতায় আনা হবে।”
কৃষি কর্মকর্তারা জানান, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে এবং নির্ধারিত সময়ের আগে আম পাড়া ঠেকাতে প্রতিবছর জেলা প্রশাসন সুনির্দিষ্ট সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেয়। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় বেশি মুনাফার আশায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম পেড়ে ইথেফন ও ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে।
আমের গুণগত মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










