মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা

আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে গত ৩১ মার্চ। কিন্তু নানা কারণে এখনও অনেক করদাতা রিটার্ন জমা দিতে পারেননি। ফলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে—এখন কি আর রিটার্ন দেওয়া যাবে না? বড় ধরনের শাস্তি বা আইনি জটিলতায় পড়তে হবে?

কর বিশেষজ্ঞ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও করদাতাদের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নির্দিষ্ট জরিমানা ও সুদ পরিশোধ করে এখনো রিটার্ন জমা দেওয়া সম্ভব। তবে সময়মতো রিটার্ন না দেওয়ার কারণে কিছু গুরুত্বপূর্ণ কর–সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।

অন্যদিকে সম্প্রতি এনবিআর প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে। ফলে অনেক করদাতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিরীক্ষার জন্য নির্বাচন হওয়া মানেই অতিরিক্ত কর আরোপ নয়; বরং এটি কর তথ্য যাচাইয়ের একটি নিয়মিত প্রক্রিয়া।

টিআইএন আছে, কিন্তু রিটার্ন দেননি কোটি মানুষ

বর্তমানে দেশে ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। কিন্তু তাদের মধ্যে মাত্র প্রায় ৪২ লাখ করদাতা নিয়মিত রিটার্ন জমা দিয়েছেন।

কর কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে ব্যাংক ঋণ, জমি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে টিআইএন ও রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অনেকেই প্রয়োজনের তাগিদে টিআইএন নিয়েছেন, কিন্তু পরবর্তীতে রিটার্ন জমা দেননি।

তবে টিআইএন নেওয়ার পর ধারাবাহিকভাবে রিটার্ন না দিলে ভবিষ্যতে বিভিন্ন সেবা গ্রহণের সময় জটিলতায় পড়তে হতে পারে। এমনকি পরবর্তী সময়ে রিটার্ন জমা দিতে গেলে আগের বছরগুলোর ব্যাখ্যাও দিতে হতে পারে।

এখন রিটার্ন দিলে কত জরিমানা দিতে হবে?

এ বছর থেকে প্রায় সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে করদাতাকে বকেয়া করের ওপর ২ শতাংশ হারে সুদ দিতে হবে। এই সুদ সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত আরোপ করা যাবে। অর্থাৎ সর্বোচ্চ ৪৮ শতাংশ পর্যন্ত সুদ গুনতে হতে পারে।

তবে ইতিবাচক বিষয় হলো, করদাতারা বছরের যেকোনো সময় অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন প্ল্যাটফর্ম ৩৬৫ দিনই খোলা থাকে।

কর বিশেষজ্ঞদের মতে, রিটার্ন না দিয়ে অপেক্ষা করার চেয়ে জরিমানা ও সুদ পরিশোধ করে দ্রুত রিটার্ন জমা দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কারণ দীর্ঘদিন বকেয়া থাকলে পরবর্তীতে করদাতাকে অতিরিক্ত ব্যাখ্যা দিতে হতে পারে।

সবচেয়ে বড় ক্ষতি: হারাবেন কর রেয়াতের সুবিধা

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে শুধু সুদই নয়, করদাতারা হারাবেন বিভিন্ন বিনিয়োগভিত্তিক কর রেয়াতের সুবিধাও।

বর্তমান আইনে সরকার অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য করদাতারা কর ছাড় পান। এর মধ্যে রয়েছে জীবনবিমা, সঞ্চয়পত্র, নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড, পেনশন স্কিমসহ বিভিন্ন বিনিয়োগ।

কিন্তু নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে এই কর রেয়াত দাবি করা যাবে না।

কর রেয়াতের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে মোট আয়ের নির্দিষ্ট অংশ, অনুমোদিত বিনিয়োগের ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকার সীমা বিবেচনা করা হয়। এই তিনটির মধ্যে যেটি কম, সেটিই কর রেয়াত হিসেবে গ্রহণযোগ্য হয়।

ফলে যাঁদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে, তাঁদের জন্য সময়মতো রিটার্ন না দেওয়ার আর্থিক ক্ষতি অনেক বেশি হতে পারে।

যাদের কোনও জরিমানা হবে না

তবে সব করদাতাকে জরিমানা গুনতে হবে না।

যারা ৩১ মার্চের আগে যথাযথ আবেদন করে রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি নিয়েছেন, তারা বাড়তি সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা বা সুদ দিতে হবে না।

একইসঙ্গে তারা কর রেয়াত ও অন্যান্য কর–সুবিধাও স্বাভাবিকভাবে পাবেন। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দিয়েছেন বলে বিবেচিত হবেন।

অনলাইনে রিটার্ন দিলে কী সুবিধা মিলছে?

এনবিআরের অনলাইন সেবার আওতায় করদাতারা এখন ঘরে বসেই রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে পারছেন।

অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে।

এ ছাড়া করদাতারা তাৎক্ষণিকভাবে— আয়কর রিটার্নের কপি, রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

নিরীক্ষায় পড়েছেন? আতঙ্কিত হওয়ার কিছু নেই

এদিকে সম্প্রতি এনবিআর ৮৮ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ১৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭২ হাজারের বেশি করদাতার নথি বাছাই করা হয়েছে।

পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

কর কর্মকর্তারা বলছেন, নিরীক্ষার জন্য নির্বাচিত হওয়া মানেই কর ফাঁকির অভিযোগ নয়। অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সঠিকভাবে রিটার্ন দেওয়া করদাতার নথিও র‌্যান্ডম পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচিত হতে পারে।

নিরীক্ষার উদ্দেশ্য হলো রিটার্নে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব আর্থিক তথ্যের সামঞ্জস্য যাচাই করা।

নিরীক্ষায় পড়লে কী করবেন?

যদি আপনার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়, তাহলে শুরুতেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

আইন অনুযায়ী উপ-কর কমিশনার প্রয়োজন মনে করলে করদাতাকে শুনানির জন্য ডাকবেন। নির্দিষ্ট তারিখে নিজে অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানিতে উপস্থিত হতে হবে।

সেখানে করদাতাকে রিটার্নে উল্লেখ করা আয়, ব্যয়, সম্পদ ও বিনিয়োগের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে হবে।

শুনানির সুযোগ না দিয়ে অতিরিক্ত কর আরোপ করা যাবে না। আর অতিরিক্ত কর নির্ধারণ করা হলে করদাতাকে আনুষ্ঠানিকভাবে তা জানাতে হবে।

কোন কোন কাগজপত্র প্রস্তুত রাখবেন?

নিরীক্ষার সম্ভাবনা থাকুক বা না থাকুক, প্রত্যেক করদাতারই রিটার্নের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা উচিত।

বিশেষ করে— বেতন সনদ, ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রের নথি, জমি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের দলিল, ব্যবসায়িক হিসাবপত্র, ঋণের নথি, উৎসে কর কর্তনের সনদ, কর পরিশোধের চালান আলাদা ফাইলে সংরক্ষণ করা উচিত।

ব্যাংক লেনদেনের ব্যাখ্যা প্রস্তুত রাখুন

বর্তমানে ব্যাংকিং তথ্য ও কর তথ্যের মধ্যে সমন্বয় অনেক বেড়েছে। ফলে ব্যাংক হিসাবে বড় অঙ্কের জমা বা উত্তোলনের বিষয়ে প্রশ্ন উঠতে পারে।

পরিবার থেকে পাওয়া অর্থ, সম্পদ বিক্রির টাকা, ঋণ, ব্যবসায়িক লেনদেন কিংবা অন্য কোনো বৈধ উৎস হলে তার সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র প্রস্তুত রাখা জরুরি।

আয় ও জীবনযাত্রার মধ্যে মিল থাকতে হবে

কর কর্মকর্তারা সাধারণত আয়, ব্যয় ও সম্পদের মধ্যে সামঞ্জস্য খোঁজেন।

যদি কোনও ব্যক্তি রিটার্নে স্বল্প আয় দেখান, কিন্তু একই সময়ে বড় অঙ্কের সম্পদ ক্রয় করেন বা উচ্চ ব্যয়ের জীবনযাপন করেন, তাহলে ব্যাখ্যা চাওয়া হতে পারে।

তাই আয়, সঞ্চয়, সম্পদ ও ব্যয়ের তথ্য পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আগে থেকেই যাচাই করে নেওয়া ভালো।

ভুল হলে গোপন নয়, ব্যাখ্যা দিন

কর বিশেষজ্ঞদের মতে, রিটার্নে কোনও তথ্যগত ভুল বা অসঙ্গতি থাকলে তা গোপন করার চেষ্টা না করে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া উচিত।

অনেক সময় টাইপিং ভুল, হিসাবগত ত্রুটি কিংবা তথ্য বাদ পড়ার মতো অনিচ্ছাকৃত ভুল হতে পারে। এসব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখলে জটিলতা কমে।

নিয়মিত রিটার্ন দাখিলকে অভ্যাসে পরিণত করাই নিরাপদ

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেলেও করদাতাদের জন্য সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে দেরিতে রিটার্ন দিলে সুদ, জরিমানা ও কর রেয়াত হারানোর মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে নিরীক্ষায় নির্বাচিত হওয়া মানেই কর ফাঁকির অভিযোগ নয়। প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, সঠিক তথ্য প্রদান এবং সময়মতো ব্যাখ্যা দিতে পারলে অধিকাংশ ক্ষেত্রে করদাতারা সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

অর্থনীতিবিদদের মতে, কর সংস্কৃতি গড়ে তোলা এবং স্বেচ্ছায় কর পরিপালন বাড়ানোই রাজস্ব আহরণের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান। ফলে টিআইএন নেওয়ার পর নিয়মিত রিটার্ন দাখিলকে অভ্যাসে পরিণত করাই করদাতাদের জন্য সবচেয়ে নিরাপদ।

Ads small one

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ন্যাশনাল ডেস্ক: আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আল্লাহর প্রিয় নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন। এ ছাড়া ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে তিনি ৬৩ বছর বয়সে ওফাত লাভ করেন। সারা বিশ্বের মুসলমান এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়ে সত্য-ন্যায়, শান্তি ও মানবতার ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সৃষ্টি করেছিলেন ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে। মহান আল্লাহ তাঁর ওপর নাজিল করেন পবিত্র কোরআন। মুসলিম উম্মাহ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে উদ্যাপন করে থাকে। এ দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতে মগ্ন থাকেন। অনেকে নফল রোজা রাখেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জশনে জলুস (আনন্দ শোভাযাত্রা), আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশনসহ নানা ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো প্রধান শহরগুলোয় সুষ্ঠু ও নিরাপদে শোভাযাত্রা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।

সম্পাদকীয়/ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.): বিশ্ব মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.): বিশ্ব মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা

বিশ্বমানবতার পরম বন্ধু, শান্তি, সাম্য ও ইনসাফের প্রতীক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত মাহান্বিত দিনÑপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। ১২ই রবিউল আউয়াল শুধু মুসলিম জাহানের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের ইতিহাসেই এক অনন্য ও বৈপ্লবিক মাইলফলক। যে সময়ে আরব সমাজ চরম অজ্ঞতা, অরাজকতা, সহিংসতা ও অমানবিকতার অন্ধকারে নিমজ্জিত ছিলÑইতিহাসে যা ‘আইয়ামে জাহিলিয়াত’ বা অন্ধকার যুগ হিসেবে পরিচিতÑঠিক সেই প্রাক্কালে আল-আমিন বা পরম বিশ্বাসী হিসেবে আবির্ভূত হয়ে মহানবী (সা.) বিশ্ববাসীকে মুক্তির আলো দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।” রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ কেবল একটি নির্দিষ্ট ধর্ম বা গোত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজগতের সব জাতি ও মানুষের জন্য সার্বজনীন হেদায়েতের মশাল। তিনি তাঁর আদর্শ ও চরিত্র দিয়ে হিংসা-বিদ্বেষে জর্জরিত সমাজকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও শ্রমিকের ন্যায্য অধিকার। ‘মদিনা সনদ’-এর মাধ্যমে তিনি বিশ্বকে উপহার দিয়েছিলেন ধর্মীয় সহাবস্থান ও অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর কালজয়ী দলিল।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যখন সারা বিশ্বে হিংসা, পরশ্রীকাতরতা, যুদ্ধ, অন্যায় এবং সামাজিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে, তখন মহানবী (সা.)-এর শিক্ষাকে নতুন করে লালন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা বা মিলাদ মাহফিলের মধ্যে ঈদ-ই-মিলাদুন্নবী-এর তাৎপর্যকে সীমাবদ্ধ রাখলে চলবে না। আসল উদ্যাপন লুকিয়ে আছে তাঁর রেখে যাওয়া সুন্নাহ ও নীতি-আদর্শকে দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে।
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা: ব্যক্তি ও জাতীয় জীবনে সৎ, আমানতদার ও ইনসাফভিত্তিক আচরণের চর্চা করা।
সাম্প্রদায়িক সম্প্রীতি: অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করা।
মানবিক সেবা: সমাজে দুস্থ, এতিম, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা নিশ্চিত করা।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। প্রিয় নবী (সা.)-এর মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন থেকে সব ধরনের অন্যায়, বৈষম্য ও হিংসা দূর করাই হোক আজকের দিনের দৃঢ় অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর সুন্নাহ মেনে চলে দুনিয়া ও আখেরাতে শান্তিময় জীবন গড়ার তৌফিক দান করুন।

 

 

 

 

ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতির বাবার ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতির বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. আবু সাঈদ মোল্লার বাবা শামছুর রহমান মোল্লা (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিডিএফ প্রেসক্লাবের নেতারা।