সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সংবাদদাতা: সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের শহীদ নাজমুল সরণিস্থ বর্ণালী আর্ট ইনস্টিটিউট কার্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বর্ণালী আর্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রিয়াসাত আলীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁর জ্যৈষ্ঠ পুত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোস্তফা হাসান।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এর চিত্রশিল্পী ও আর্ট শিক্ষক জামান হোসেন, রংতুলী এড এর স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী মহিবুল্লাহ, ঝাউডাঙ্গা কলেজ এর প্রভাষক নাজমুন্নাহার, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল এর আর্ট শিক্ষক নাজমুছ সাহাদাত, চিত্রশিল্পী ও প্রাক্তন শিক্ষার্থী কিংশুভ দেবনাথ।

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চলতি বছর ২০২৬ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তীর মূল উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি শক্তিশালী ‘বাস্তবায়ন কমিটি’ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

দিনব্যাপী এই উৎসবের সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, কবিতা আবৃত্তি, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী। এছাড়া এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে একটি স্থায়ী ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী কমিটি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিষ্য বর্ণালী আর্টের প্রতিষ্ঠাতা মোঃ রিয়াসাত আলী ১৯৪৩ সালের ১ জুলাই পুরাতন সাতক্ষীরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম হেকমী আব্দুল হাকিমের জ্যৈষ্ঠ পুত্র। রিয়াসাত আলী ঐতিহ্যবাহী মহেশ্বরপাশা স্কুল অব আর্টস থেকে চিত্রশিল্পের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সান্নিধ্যে থেকে চিত্রাঙ্কনের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

চিত্রশিল্পী রিয়াসাত আলী ১৯৭৫ সালে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় অত্যন্ত সীমিত পরিসরে ‘বর্ণালী আর্ট’ নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি শহরের শহীদ নাজমুল সরণিতে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যালয়ের বিপরীতে নিজস্ব স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হয় এবং পূর্ণাঙ্গ ‘বর্ণালী আর্ট ইনস্টিটিউট’ হিসেবে আত্মপ্রকাশ করে।

গত ৫০ বছরে এই ইনস্টিটিউট থেকে প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থী চিত্রাঙ্কনের দীক্ষা নিয়েছেন। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চপদে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় শিশু পুরস্কার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালিত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন।

শুধু একজন আদর্শ শিক্ষকই নন, রিয়াসাত আলী একজন সমাজসচেতন কালজয়ী শিল্পীও বটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার চরণ- “ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন/ বেলা বয়ে যায় খায়নিকো বাছা, কচি পেটে তার জ্বলে আগুন”- এর মর্মস্পর্শী ভাবকে তিনি তাঁর তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, যেখানে এক অসহায় দাদি ও তার নাতির দুর্ভিক্ষের বাস্তব চিত্র ফুটে উঠেছে। এছাড়া সুদীর্ঘ বর্ণাঢ্য জীবনে জলরং, তেলরং-এর পাশাপাশি পেনসিল স্কেচ ও কলমের আঁচড়ে তিনি গ্রাম-বাংলার নৈসর্গিক প্রকৃতি ও লোকজীবনকে পরম মমতায় ক্যানভাসবন্দি করেছেন।

প্রস্তুতি সভায় বক্তারা বর্ণালী আর্টের এই গৌরবময় ৫০ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

 

Ads small one

নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৩
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার উত্তর নগরঘাটায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নবকুমার বিশ্বাস (৫০), তার স্ত্রী অলকা বিশ্বাস (৪০) এবং নবকুমার বিশ্বাসের দিদি গঙ্গা মণ্ডল (৪৫)। এসময় তাদের নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে রিতু বিশ্বাস (১৫) পিসির সাথে থাকায় কোন আঘাত করতে পারেনি দূর্বৃত্তরা।নবকুমার বিশ্বাস মৃত শচীন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় পরিবারের সদস্যরা গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে গুরুতর আহত নবকুমার বিশ্বাস ও তার স্ত্রী অলকা বিশ্বাস সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আহতের ভাই, ডা: প্রদীপ বলেন, কেন, কি কারণে দাদা বউদিকে কে বা কারা হামলা করলো জানিনা। তারা সুস্থ্য হলে জানা যাবে। পূর্ব কোন শত্রুতাও ছিলনা কারো সাথে।
আহত গঙ্গা মণ্ডল বলেন, রাতে দাদা-বউদির চিৎকারে ঘুম ভেঙে যায়। কোন কিছু বুঝে উঠায় আগে আমিও হাতে পায়ে রডের মত কিছু দিয়ে হামলার শিকার হই। রাতের অন্ধকারে কে বা কারা কোন কিছুই আন্দাজ করতে পারিনি।
হামলার খবর পেয়ে আহতদের খোঁজখবর নিতে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ছুটে যান শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব ইবাদুল ইসলাম। তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’, ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।

এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।

মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিক এর প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুন প্রমুখ।

পাইকগাছায় খালপাড় হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
পাইকগাছায় খালপাড় হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: পাইকগাছার খালের পাড় হতে বিরিঞ্চী পদ মন্ডল (১০৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উপজেলার লতা ইউনিয়নের একটি খাল পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

পাইকগাছা থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, গত দুই বছর ধরে তিনি মানসিকভাবে ভারসম্যহীন ছিলেন। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গতকাল রবিবার সারাদিন বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যায় ছেলেরা তাকে বাড়ি নিয়ে আসে। রাত ৯টার দিকে আবার তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১২টার দিকে স্থানীয় বাজার থেকে কয়েকজন ব্যক্তি ফোন দিয়ে বিরিঞ্চী মন্ডলকে বাড়ি নেওয়ার জন্য ছেলেদের জানায়। সেখানে গিয়ে না পেয়ে বাড়ি ফিরে আসে ছেলেরা।

ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী মন্ডলের মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা লাশ শনাক্ত করে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।