অবহেলা ও সংস্কারের অভাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল দশা
পত্রদূত ডেস্ক: প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিলেও দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসা এই মাঠটি সংস্কারের অভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মাঠটি বেশ উঁচু-নিচু এবং অসমতল। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে মাঠটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার তরুণদের খেলাধুলা প্রায় বন্ধ রয়েছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু জানান, এলাকাবাসীর সুবিধার্থে ও পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মাঠটি সংস্কার করে মিনি স্টেডিয়ামে রূপান্তরের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে। খুব দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক মো. আলতাফ হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ঐতিহ্যবাহী এই মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।









