পাইকগাছায় ১৯ পূজাম-পে বিএনপি নেতার অনুদান
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ১৯টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে আর্থিক সহায়তা দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। প্রতিটি পূজাম-পে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা দেওয়া হয়। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে লস্কর ইউনিয়নের ১৯টি পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। স ম আনোয়ারুল কাদিরের পক্ষে নগদ অর্থ বিতরণ করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান খোকন এবং লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। এ সময় সংশ্লিষ্ট পূজাম-পগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।









