আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণ সমাজ: এমপি আব্দুল খালেক
সংবাদদাতা: আগামী দিনের বাংলাদেশে যুব ও তরুণ সমাজই মূল নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকেই কা-ারীর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার (১৬ মে) সকালে সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যোগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়ে এই দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়। জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সাতক্ষীরাবাসীর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য আরও বলেন, প্রত্যেকটি এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে যুবকদের সংগঠিত হতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
জেলা যুব বিভাগের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুস সুবহান মুকুল প্রমুখ।





