সীমান্তে বিজিবির অভিযানে ত্রিশ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক
পত্রদূত রিপোর্ট: শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা ও কুশখালী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও উইনকোরেক্স সিরাপ আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেরাগাছি ও ভাদিয়ালী হতে ১১ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চৌরঙ্গী মোড় হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কালিয়ানী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া হতে ৭ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নবাতকাঠি হতে ৩ হাজার ৬০০ টাকার ৯ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ আটক করে।
ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা হতে ২ লাখ ৬৯ হাজার ৪০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কুশখালী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বাঘমারা হতে ৩ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে সাতক্ষীরা সদর থানার হরিণা স্কুল নামক স্থান হতে ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।










