কলারোয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংসদীয় বিতর্ক
কলারোয়া প্রতিনিধি: একপাশে সরকারি পক্ষের উন্নয়নের বার্তা ও প্রস্তাবনা, অন্যপাশে বিরোধী দলের শাণিত যুক্তি ও নিখুঁত ব্যবচ্ছেদ—জাতীয় সংসদের সেই চেনা দৃশ্যই যেন নেমে এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায়।
বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক চর্চায় খুদে শিক্ষার্থীদের বাকপটুতা ও যুক্তির লড়াই মুগ্ধ করে অতিথিদের।
প্রতিযোগিতায় ‘সরকারি দল’ ও ‘বিরোধী দল’ তিনটি করে আসনে অংশ নেয়। নির্ধারিত বিষয়ে সরকারি দলের স্পিকারের পরিচালনায় দুই দলের ছয়জন প্রতিনিধি জোরালো যুক্তি উপস্থাপন করেন। শৈশব থেকেই সংসদীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক চর্চার এটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দূরদর্শিতার প্রশংসা করে বলেন, যোগ্য ও সুনাগরিক গড়ে তুলতে শৈশব থেকেই যুক্তিভিত্তিক চিন্তাধারা ও গণতান্ত্রিক অনুশীলনের বিকল্প নেই। কলারোয়ার এই উদ্যোগ অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সামগ্রিক সমন্বয় করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, পাঠ্যক্রমের পাশাপাশি এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবে।








