আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পুষ্পকাটি ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান ও ডা. শফিকুল ইসলাম। এ ছাড়া সাবেক ছাত্রনেতা আল মামুন, মাওলানা আমজাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও নির্বাচনী কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সাহস ও দৃঢ় মনোবল নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীলতা, ধৈর্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।









