আশাশুনিতে ডব্লিউজেএফ প্রকল্পের পরিচিতি সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ওয়াটার জাস্টিস ফান্ড (ডব্লিউজেএফ) প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা (ইনসেপশন মিটিং) অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ‘ওয়াটার এইড’-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই সভার আয়োজন করে। উত্তরণের ডব্লিউজেএফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডব্লিউজেএফ প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও উপকূলীয় এলাকায় নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের মনিটরিং অফিসার ফারহা বিনতে রহিম। মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রকল্পের সুফলভোগীদের পক্ষে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান অলোকা বিশ্বাস, লিকু ও লিপিকা। বক্তারা উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।












