আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ও সতর্কীকরণ সরঞ্জাম বিতরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মুসলিম এইড ইউকে যৌথভাবে এই সভার আয়োজন করে। আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্লাহর সভাপতিত্বে সভায় ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সিপিপি সদস্য, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় দুর্যোগজনিত নানা সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগের আগাম সতর্কসংকেত বহুল প্রচারের উদ্দেশ্যে ইউনিয়নের ৮টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির হাতে হ্যান্ডমাইক, টর্চলাইট ও পতাকাসহ মোট ৮ সেট উপকরণ হস্তান্তর করা হয়।






