বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একটি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার পরান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগকারী পরিবারের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র এবং মাদ্রাসার আবাসিক বোর্ডিংয়ে থাকত।

এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এ ছাড়া গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপানোর অভিযোগও করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সর্বশেষ গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে দিয়ে ফেরার পথে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় মামলা করেন।

আশাশুনি থানার ওসি শাহিদুর রহমান বলেন, “মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আশাশুনি থানায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে ২০ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. আনজির হোসেন।

Ads small one

আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’-এর ২০২৬-২৭ মেয়াদের ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্মসচিব আবুল হাসান।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বড় কাশিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পেছন থেকে মাথায় সজোরে আঘাত করে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।