আশাশুনির কোলা-ঘোলা-কল্যাণপুর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ত্রিমোহনায় প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও সরেজমিন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নূর ইয়ামিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি মোহনার ৩ পাড়ের সার্বিক অবস্থা পরিদর্শন করে।
সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ডিও লেটারের (আধা সরকারি পত্র) ভিত্তিতে এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক জরিপ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক মো. নূর ইয়ামিন কোলা, ঘোলা এবং কোলা হতে কল্যাণপুর সড়কে সেতু নির্মাণ বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে ঘোলা ওয়াপদার ওপর স্থানীয় জনসাধারণের উদ্দেশে উপপরিচালক মো. নূর ইয়ামিন বলেন, “প্রাথমিক জরিপ এবং তথ্য সংগ্রহের জন্য আমরা সরেজমিন পরিদর্শনে এসেছি। কর্মপরিধি অনুযায়ী দেড় কিলোমিটারের ওপরের সেতু, টানেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা করে থাকি। এখানে দু’পাশের জনবসতি, জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা, সংযোগ সড়ক এবং হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনসহ সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। বিচ্ছিন্ন জনপদকে সংযুক্ত করতে এখানে যে একটি সেতু প্রয়োজন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সেভাবেই প্রতিবেদন জমা দেবো।”
এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যানন্দ কুন্ডু, জামায়াতের উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির আলহাজ্ব নূরুল আফছার মোর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, এপিএস কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, সংসদ সদস্যের পিএ শরিফুল ইসলাম ও তাঁর ছেলে মোজাহিদ বাশারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






