আশাশুনির ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে: কাজী আলাউদ্দীন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ৬ সেপ্টেম্বর সকালে আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. রহিম ছোটর সভাপতিত্বে ও সদস্যসচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, ‘গত নির্বাচনের সময় বিভিন্ন ইউনিয়নে যোগাযোগব্যবস্থার দুরাবস্থার কারণে কষ্ট করে চলাচল করতে হয়েছে। তখন ওয়াদা করেছিলাম সব এলাকার উন্নয়নে কাজ করব। আমি ইতিমধ্যে খাজরা, প্রতাপনগর, আনুলিয়া, বড়দল, দরগাহপুরসহ সব ইউনিয়নে কাজ শুরু করেছি। সম্প্রতি ৩০ কোটি টাকার বরাদ্দ করিয়েছি। আপনাদের দলাদলি ও মতপার্থক্য দূর করে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’
আগামী ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতাপনগর, শ্রীউলা, শোভনালী ও বুধহাটা ইউনিয়নকে যুবদলের জন্য উন্মুক্ত রাখা হবে। যারা দলের সঙ্গে বেইমানি করেছে, দল থেকে বহিষ্কৃত হয়েছে এবং যাদের জনসম্পৃক্ততা নেই, তাদের সুযোগ দেওয়া হবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আ. রশিদ, আ. আলিম, শওকত হোসেন, শ্রমিক দল সভাপতি নূর ইসলাম মোড়ল, কৃষক দল আহ্বায়ক লিয়াকত হোসেন, ছাত্রদল আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসামুজ্জামান আসাদ, তাঁতীদল সভাপতি আমির হোসেন বাদশা, সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, সাদিক আনোয়ার ছোট, হাফিজুল ইসলাম, স ম আক্তারুজ্জামান প্রমুখ।











