এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
সর্বশেষ নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত ২৮ এপ্রিল একই পরিমাণে কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা সেদিন সকাল থেকেই কার্যকর ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৬ দফা। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।
এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ দফা সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।






