সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কবিরা কোমায় চলে গেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
কবিরা কোমায় চলে গেছে

খৈয়াম কাদের
প্রেমের কবিতা লিখতে চাই, লিখতে চাই
দর্শন নন্দন চারুকলা নিয়ে;
লিখতে চাই নারীর ঐশ্বর্য আর
প্রকৃতির বিপুলতা নিয়ে।
দেখতে চাই, জানতে চাই
রবি লালন ও হাছনের আধ্যাত্ম ভূবণ;
কিন্তু সামনে দাঁড়িয়ে যায় গাজা রাখাইন
সামনে দাঁড়িয়ে যায় কারগিল ও ক্বাচিন!

কবিতা লিখতে গেলে ইউক্রেন কেঁদে ওঠে
গাজার মৃতরা জেগে ওঠে; বোমাদগ্ধ শিশুদের
মৃতমুখ মায়েদের বাবাদের ছিন্নভিন্ন দেহ বিধ্বস্ত বসতভিটা
কবিকে বিমর্ষ করে, স্তব্ধ করে কলমের গতি;
মুহুর্মুহু গর্জে ওঠে ট্রাম্প-নিয়াহুর পৈশাচিক ক্ষুধা,
অসুরদের রক্ত-তৃষ্ণার বিবিধ জিকির ;
হায়েনার দম্ভ-রোষে দ্রিমদ্রিম কাঁপছে পৃথিবী
সে আর নিচ্ছে না কবিতার বীজ, দিচ্ছে না ছন্দের ভ্রুণ!
ইরাক খেয়েছে লিবিয়া খেয়েছে সিরিয়া খেয়েছে
ফিলিস্তিনের আস্তিন খুলে সালাদ মাখছে ইরানের গায়
গিধড় গাদ্দার সহদর সব মাভৈ মাভৈ রবে
দিচ্ছে সায়! এসব কথা কী প্রতীক-রূপকে বলা যায়
এই অসহ্য বেদনায় কী শিল্প হয়, সেতারে ধ্বনিত হয়
অভিসার-বিরহের সুর! চোখ ক্লান্ত, ভাষারা বিভ্রান্ত
কবিরা কোমায় চলে গেছে, কবিতাও গিয়েছে একই পথে
গ্রহের দখলদার লুসিফার আকাশে উড়ছে আগুনের রথে!

Ads small one

কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

সংবাদদাতা: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইদ্রিস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহা. আজমল করিম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতিম, মোস্তফা নাসির উদ্দীন, মো. রফিকুল ইসলাম ও জয়গুন নেছা।

জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভূমি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রীসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

 

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আটক কবির হোসেন তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি কলেজের পাশ থেকে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।