কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ বিশ্বাসের পরলোকগমন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস মারা গেছেন (অনাদি বায়ান্না)। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুশীল বিশ্বাসের বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কজনিত জটিলতা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২০১৮ সালে অবসর নেওয়া সন্তোষ কুমার বিশ্বাস একজন জনপ্রিয় শিক্ষকের পাশাপাশি দক্ষ উপস্থাপক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষকবৃন্দ এবং শ্যামনগরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





