শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কয়রায় শিক্ষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
কয়রায় শিক্ষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে জানালা দিয়ে ঘরে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে ঘরের পালঙ্ক, তোশক, বিছানাপত্র, কাপড়চোপড় ও পাশে থাকা ধানের গোলার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আব্দুর রশিদের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, আব্দুর রশিদের ছেলে সাবেক ছাত্রনেতা তুফান। বর্তমানে তাঁরা পরিবারের সবাই খুলনায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস ঢালী বলেন, রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়েছেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

Ads small one

তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ২টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারকে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সবুজ সরদারের বাড়িতে খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ওই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ জন্মভিটায় সংস্কার, ফিরছে পুরোনো রূপ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ জন্মভিটায় সংস্কার, ফিরছে পুরোনো রূপ

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ পৈতৃক বাড়ি সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ঐতিহাসিক বাড়িটির আংশিক সংস্কারের পর নতুন রূপ ফুটে উঠতে শুরু করেছে। তবে বিজ্ঞানীর স্মৃতি ও অবদান যথাযথভাবে সংরক্ষণে পুরো স্থাপনাটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও গবেষকেরা।

বাঙালি রসায়নচর্চার অন্যতম পথিকৃৎ এবং বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটাটি দীর্ঘদিন ধরে অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে বাড়িটির মূল ভবনের কিছু অংশ সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে সদর মহল বা প্রধান ভবনের কয়েকটি অংশের ভগ্নদশা দূর করার কাজ চলছে। তবে অন্দরমহল, মন্দির ও সীমানাপ্রাচীরসহ অন্যান্য স্থাপনা এখনো পূর্ণাঙ্গ সংস্কারের অপেক্ষায় রয়েছে।

খুলনা আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাড়িটির সংস্কারকাজের জন্য ৩৭ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ডোমেইন এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে। চলতি বছর উত্তর পাশের দোতলা ভবনের পাঁচটি কক্ষ ও দুটি বারান্দা সংস্কার, বাইরের পলেস্তারা মেরামত এবং ভবনের চারপাশে রং করার কাজ করা হবে। তবে দরজা-জানালা এ পর্যায়ের সংস্কারকাজের আওতায় নেই। পরবর্তী সময়ে বাড়ির ভেতরের ভবন ও মন্দির সংস্কার করা হবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে চলমান সংস্কারকাজ শেষ হতে পারে।

খুলনা আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক মো. মহিদুল ইসলাম বলেন, রসায়নশাস্ত্রের পথিকৃৎ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ জন্মভিটা সংস্কারের কাজ শুরু হয়েছে। বাড়িটির মূল নকশা ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো বাড়ি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীর নির্মাণ ও একটি প্রদর্শনী কক্ষ তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে এসব কাজ শুরু করা হবে।

১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি উপমহাদেশে আধুনিক রসায়ন গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার এবং বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠার মাধ্যমে বিজ্ঞান ও শিল্পায়নে অসামান্য অবদান রাখেন তিনি। তাঁর জন্মভিটা বাঙালির বিজ্ঞানচর্চা ও জাতীয় গৌরবের এক গুরুত্বপূর্ণ স্মারক।

স্থানীয়দের মতে, বাড়িটির পূর্ণাঙ্গ সংস্কার ও সংরক্ষণ করা গেলে এটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। সুন্দরবনগামী অনেক পর্যটক যাতায়াতের পথে বাড়িটি পরিদর্শন করেন। যথাযথ অবকাঠামো ও পর্যটনসুবিধা গড়ে তোলা হলে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ ঐতিহাসিক স্থানকে আন্তর্জাতিক মানের বিজ্ঞান ঐতিহ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিও উঠেছে। এ জন্য বিজ্ঞান জাদুঘর, গবেষণাগার, ডিজিটাল প্রদর্শনী গ্যালারি ও মিলনায়তন নির্মাণের প্রস্তাব দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর জন্মভিটার পূর্ণাঙ্গ সংস্কার, সংরক্ষণ এবং পরিকল্পিত উন্নয়ন এখন সময়ের দাবি।

মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকেরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাক্সগুলো তাঁদের ওপর পড়ে গেলে তিনজনই চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ডেফি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি কাঠের বাক্স ছিল আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া। বাক্সগুলোর ভেতরে ছয় মিলিমিটার পুরুত্বের একাধিক কাচের প্যানেল ছিল। দুর্ঘটনার সময় তিন শ্রমিকই কন্টেইনারের ভেতরে কাজ করছিলেন।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাক্সের নিচে আটকে থাকা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচও নিয়োগকর্তাকে বহন করতে হবে।