কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান: আড়াই লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পত্রদূত ডেস্ক: কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার ভারতীয় ওষুধ, জিরা ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও হিজলদী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি সীমান্ত এলাকায় অভিযান চালায় কাকডাঙ্গা বিওপির দুটি দল। সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি এলাকা থেকে দুই লাখ ১২ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ ও জিরা জব্দ করা হয়।
অন্যদিকে, হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল নোয়াকাঠির বিল এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। আটক ব্যক্তিরা হলেনÑহুলহুলিয়া গ্রামের সিহাব আলী (১৮) ও সিংগা গ্রামের রাকিব হোসেন (১৯)। তল্লাশিকালে তাঁদের কাছে সাতটি ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ৫২ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এসব মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।












