কলারোয়া সীমান্তে সাড়ে সাত লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া মোড় এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। দুই অভিযানে সর্বমোট ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়েছে। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।









