কলারোয়ায় পুলিশের অভিযানে প্রতিবন্ধীসহ ২ জন গ্রেপ্তার, ১৫ পিস ইয়াবা উদ্ধার
সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে প্রথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কলারোয়া থানার ব্রজবাকসা মোল্যাপাড়ার বদরউদ্দীন এর ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ রানা হোসেন (৩৯) ও একই থানার লাঙ্গলঝাড়া কারিকরপাড়ার মৃত আবুল হোসেন কারিকর এর ছেলে মোঃ মিনারুল ইসলাম ওরফে মিনা (২৩)।
অভিযান পরিচালনাকারী দল জানায়, কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক আরশাদ আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এবং কলারোয়া থানাধীন দক্ষিণ দিগং গ্রামস্থ জনৈক আমিনুর হুজুরের বাড়ীর সামনে ব্রজবাকসা-কাজীরহাটগামী পাকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার দুই এজাহারনামীয় আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (১১/০৮/২০২৬ খ্রিঃ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কলারোয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












