কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা দখলের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় এক প্রবাসীর বিনিয়োগ করা ৫০ শতাংশ শেয়ারের একটি ইটভাটা জোরপূর্বক দখল এবং আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও গায়ের জোরে ইটভাটা পরিচালনা করা হচ্ছে।
ভুক্তভোগী প্রবাসী রাজু আহমেদ খান জানান, কলারোয়ার কাজীরহাট চিতলা এলাকার ‘পারুল ব্রিকস’ নামের ইটভাটাটি পরিচালনা করতেন পুটুনি গ্রামের আলমগীর হোসেন। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে আলমগীর ভাটার ৫০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব দিলে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যে তার অর্ধেক শেয়ার কিনে নেন রাজু। ওই সময় নগদ ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
তিনি জানান, ইটভাটার অপর অংশীদার আলমগীর ব্যক্তিগত ঋণের দায়ে পরবর্তীতে আত্মগোপনে চলে যান। এরপর জমির মালিকেরা পূর্বের ঋণের টাকা রাজুর কাছে দাবি করলে বিরোধের সৃষ্টি হয় এবং তিনি প্রবাসে চলে যান। এই সুযোগে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আক্তারুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির মালিকদের কাছ থেকে পাঁচ বছরের জন্য ইটভাটাটি ইজারা নেন।
রাজু আহমেদ খানের অভিযোগ, আদালতের ১৪৫ ও ৮৮ ধারার নিষেধাজ্ঞা এবং পুলিশের নোটিশ অমান্য করে বিএনপি নেতা আক্তারুল ইসলাম ক্ষমতার জোরে ভাটা পরিচালনা করছেন। পাশাপাশি জমির মালিক আব্দুল হামিদ, আতিয়ার রহমান ও জনাব আলীর সঙ্গে যোগসাজশ করে ভাটায় রেখে যাওয়া তার প্রায় সাত লাখ ইট বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
আলমগীর দীর্ঘদিন ধরে পলাতক এবং রাজু আহমেদের কাছ থেকেও কোনো অনুমতি বা ইজারা নেওয়া হয়নিÑএমন পরিস্থিতিতে কীভাবে ভাটাটি দখল করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন এই প্রবাসী। তিনি অবিলম্বে নিজের কষ্টার্জিত অর্থে কেনা ভাটার ৫০ শতাংশ মালিকানা ফেরত পেতে এবং আইনগত প্রতিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জেলা বিএনপি নেতা ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল দখলের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি ইটভাটার মালিক আলমগীরের স্ত্রী পারুল এবং জমির মালিকদের কাছ থেকে তা ক্রয় করেছেন। রাজু আহমেদের সঙ্গে আলমগীরের লেনদেনের বিষয়ে তাঁর কিছু জানা নেই উল্লেখ করে তিনি দাবি করেন, প্রতিপক্ষরা খাটো উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করছে।









