সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কালিগঞ্জ কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
কালিগঞ্জ কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ

পত্রদূত রিপোর্ট: কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন এর দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকা-, ব্যাপক চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক সিন্ডিকেট পরিচালনা, সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ ও নানাবিধ অপকর্মের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির ভাবমূর্তি। জনপ্রিয় দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে বহুল বিতর্কিত রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির সুমন।
শামীম কবির সুমন লিখিত অভিযোগে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রোকনুজ্জামান রোকন কালিগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, মাছের ঘের, মার্কেট ও বাড়িঘর দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে। আর এসব বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোকনুজ্জামান রোকন ও তার পোষা সন্ত্রাসী বাহিনী।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকা-ের অভিযোগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষক দল তাঁর আহ্বায়ক পদ স্থগিত করেছিল। তবে পরবর্তীতে সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের সুপারিশে তাঁর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
পদ ফিরে পাওয়ার পর রোকনুজ্জামান রোকন আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁর কর্মকা-ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এর নেতিবাচক প্রভাব পড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। অভিযোগে জানানো হয়, ২০২৬ সালে ১৬ জুন বিষ্ণুপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী জগদাস বন্ধুর বাড়িতে দলবল নিয়ে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর দখল এবং বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এছাড়া ১৮ জুন জেলা বিএনপি ও জেলা কৃষক দলের পক্ষ থেকে রোকনুজ্জামান রোকনকে কারণ দর্শানোর জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নোটিশ প্রদান করলেও অজ্ঞাত কারণে পরবর্তীতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এতে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
লিখিত আবেদনে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে রোকনুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার, ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রশিবির থেকে অপকর্মের কারণে বিতাড়িত হয়ে কৃষকদলে যোগ দেওয়া রোকনুজ্জামান এখন বিএনপির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অপকর্মের জন্য সে গড়ে তুলেছে একটি বাহিনী। রোকনুজ্জামান রোকন এখন দলের সিনিয়র নেতাদের সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্যমূলক কথাবার্তা বলার পাশাপাশি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। এর ফলে দলের সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে উল্লেখ করে তারা বলেন, ছাত্রশিবির থেকে বিতাড়িত হয়ে বিএনপির আশ্রয়ে এসে রোকনুজ্জামান এখন আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম উসমান এর মতো ভয়ঙ্কর আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। মামলাবাণিজ্য ও বিভিন্ন অপকর্ম করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা যা সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে। দলের বৃহত্তর স্বার্থে বহুল বিতর্কিত রোকনুজ্জামান রোকন এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে জানার জন্য রোকনুজ্জামান রোকনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Ads small one

কোর্ট ফি জালিয়াতি মামলার পুন:তদন্তভার সিআইডিতে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
কোর্ট ফি জালিয়াতি মামলার পুন:তদন্তভার সিআইডিতে

সংবাদদাতা: কোটি কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সাতক্ষীরার তালা সহকারী জজ আদালতের অফিস সহায়ক (পিয়ন) মো. সিরাজুল ইসলামকে এক দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েও পরবর্তীতে বিচারক বিলাস ম-লের খাসকামরায় গিয়ে অস্বীকৃতি জানান। গ্রেপ্তার সিরাজুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শহরের ফুড অফিস মোড় এলাকায় বসবাস করছেন।
২০২১ সালের ১ জুলাই সদর থানায় কালিগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তাদার মমতাজ বেগমের করা মামলা সূত্রে জানা যায়, ওই বছরের ২৯ এপ্রিল একটি মামলায় দুটি ক্রমিকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকার জাল কোর্ট ফি দাখিল করা হয়। ট্রেজারি অফিসের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায় যে, ওই ফি ট্রেজারি থেকে উত্তোলন করা হয়নি।
মামলাটির পর পুলিশ আইনজীবী সহকারী কেরামত আলীকে গ্রেপ্তার করে। তিনি আদালতে স্বীকারোক্তি দিয়ে জানান, স্ট্যাম্প ভেন্ডর রাজীবুল্লাহর কাছ থেকে ওই ফি কেনা হয়, যা রাজীবুল্লাহ তার দুলাভাই পিয়ন সিরাজুলের কাছ থেকে পেয়েছিলেন। জেলা গোয়েন্দা পুলিশ সিরাজুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিলেও তদন্ত কর্মকর্তা তাকে খুঁজে পাননি বলে উল্লেখ করেন। পরবর্তীতে আদালতের আদেশে পরোয়ানা জারির পর গত ২০ মে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ আগস্ট আদালত মামলাটি পুনরায় ২৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করার জন্য সিআইডি সাতক্ষীরাকে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেন।
এদিকে ২০০৪ সালে নৈশপ্রহরী হিসেবে ১,৫০০ টাকা বেতনে যোগ দেওয়া সিরাজুল ইসলাম বর্তমানে অফিস সহায়ক হিসেবে ১৯,৩২০ টাকা বেতন পান। তবে গত কয়েক বছরে তিনি ৪৫ লাখ টাকায় জমি কিনে পাঁচতলা বাড়ি নির্মাণ, ২৫ কাঠা জমি ক্রয়সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর এমন অস্বাভাবিক আয়ের উৎস নিয়ে শহরজুড়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২৬–২০২৭) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) ও আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রেইনস প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র হাওলাদার এবং গেইন প্রকল্পের সমন্বয়কারী মাহবুবুল আলম। প্রথম দিনের সভায় বুধহাটা, শ্রীউলা, বড়দল, খাজরা, আনুলিয়া ও কুল্যা ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিয়ে স্ব-স্ব ইউনিয়নের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় নিহত বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি: খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত বিএসটিআই খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুনের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। ৭ সেপ্টেম্বর আশাশুনি উপজেলার খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত শেখ মিশা খাতুন খরিয়াটি গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা জজ কোর্টের এজিপি আইনজীবী শেখ আলাউদ্দীনের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ২০২৫ সালে বিএসটিআইয়ে যোগ দেন। ৫০তম বিসিএস পরীক্ষার ভাইভায় অংশ নিতে গত ৬ সেপ্টেম্বর খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পরিবহন দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।