কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কালীগঞ্জে কৃষকদের নিয়ে জৈব বালাইনাশক ব্যবহারের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নলতা ইডা কনভেনশন সেন্টারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাসায়নিক বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব বালাইনাশকের কোনো বিকল্প নেই। এতে যেমন উৎপাদন খরচ কমে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি উদ্যোক্তা ও প্রায় ৫০জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও উন্নত মানের জৈব বালাইনাশক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





