কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত করে ঘেরের বেড়িবাঁধ কেটে দিল প্রশাসন
এমএ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হারিয়ার গোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
স্থানীয় অধিবাসীরা জানান, সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি খালের পানি আটকে ঘের পরিচালনা করে আসছিলেন। ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। লোকালয়ের ঘরবাড়ি ও কৃষিজমিতে পানি উঠে পড়ায় প্রায় তিন হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ ও পরবর্তী সময়ে সরিষা আবাদ অনিশ্চিত হয়ে পড়েছিল।
অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা। প্রশাসনের এ পদক্ষেপের পর অবরুদ্ধ পানি নিষ্কাশন শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে।









